ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় এখনো কাটেনি। আঙুলের ব্যথা পুরোপুরি সেরে গেলেও সাকিব টেস্টের পাঁচদিন খেলার মতো ফিট কিনা-সেই প্রশ্ন থেকেই যাচ্ছে! বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিজের খেলা নিয়ে সংশয়ের কথা জানালেন।
বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সাকিবসহ তার টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে চার সেশন অনুশীলন করেছেন সাকিব। যার মধ্যে ফিল্ডিং সেশন তেমন ছিল না। ব্যাটিং নিয়েই কাজ করেছেন বেশি। যদিও শেষ দুই সেশনে স্বাচ্ছন্দ্যে থাকলেও প্রথম দুই সেশনে কিছুটা দ্বন্দ্বে ছিলেন।বুধবার ম্যাচের আগের দিন তিন বিভাগে অবশ্য কঠোর অনুশীলন করেছেন। সংবাদ সম্মেলনে নিজের আঙুলের অবস্থা জানাতে গিয়ে সাকিব জানালেন, ‘হাত আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো। এখন কোন ব্যথা নেই।’
ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ে কিছুটা সমস্যা ছিলো তবে বল করতে কোন সমস্যা হচ্ছে না সাকিবের। এমনিতে ইনজুরি থেকে ফিরে এসে সেরাটা দেওয়া কঠিন, তারমধ্যে পাঁচ দিনের ম্যাচে কাজটা আরও কঠিন! সীমিত ওভারের ম্যাচ হলে সাকিবের জন্য ফেরাটা সহজ হতো কিনা এমন প্রশ্নের জবাবে সাকিবের উত্তর, ‘সেটাতো অবশ্যই। ৫ দিন খেলাটা অনেক চ্যালেঞ্জের হবে, এটা আমরা সবাই জানি। এই কারণে এখনো সংশয়ে আছি। পাঁচ দিন খেলার মতো অবস্থানে আমি আছি কিনা? কারণ আমি মাত্র চারটি সেশন অনুশীলন করেছি। এর ভেতরে দুটি সেশন ছিল ঐচ্ছিক। আমি খেলবো কিনা, এ জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
ইনজুরি থেকে ফিরে খুব বেশি দিন হয়নি ব্যাট হাতে নিয়েছেন সাকিব। এর মাঝে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাক পেয়েছেন। ঢাকা ছাড়ার আগে দুটি সেশন ব্যাটিংও অনুশীলন করেছেন। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তার ডাক পাওয়াটা ছিল প্রায় বিস্ময়ের! তারপরও তিনি ফিরেছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ঘরের মাঠে অধিনায়ক হিসেবে সাকিবের ফেরটা হয়ে যেতে পারে প্রথম টেস্টেই!








