স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বল টেম্পারিংয়ের শাস্তির মেয়াদ প্রায় শেষের পথে। এর সঙ্গে জাতীয় দলে তাদের ফেরার বিষয়টিও ধরা দিচ্ছে প্রকটভাবে। এমন অবস্থায় তাদেরকে আরেকটি সুযোগ দিতে অস্ট্রেলিয়ার জনসাধারণকে আহ্বান জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন।
এই বছরের মার্চে স্মিথ আর ওয়ার্নারের শাস্তির মেয়াদ শেষ হবে। বলা হচ্ছে পাকিস্তান সিরিজে ফেরার খুব সম্ভাবনা আছে তাদের। তবে তেমন ফেরাটা নির্ভর করছে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ তাদের কেমন ভাবে গ্রহণ করে। তাই জনসাধারণকে বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছেন টিম পেইন, ‘আশা করছি তাদেরকে সবাই সাদরে গ্রহণ করবে। আমি সবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, একই সঙ্গে এও জানি সবারই ভিন্ন ভিন্ন মত আছে।’ তবে যখন প্রশ্ন করা হলো তাদের পুনরায় স্বাগতম জানানো উচিত কিনা এমন প্রশ্নে শেষ টেস্টের আগে পেইনের উত্তর, ‘আমার মনে হয় এটাই হওয়া উচিত।’
একই সঙ্গে ইতিবাচক টিম পেইনের বিশ্বাস অস্ট্রেলিয়ার জনসাধারণ তাদের আরেকটি সুযোগ দেবে, ‘ওরা একবার যাই করেছে আমি আশাবাদী অস্ট্রেলিয়ার মানুষ তাদের সাদরে গ্রহণ করবে। একই সঙ্গে তাদের আরেকটি ন্যায্য সুযোগ দেবে।’
এই সময়ে বল টেম্পারিং কাণ্ডে জড়িতদের সঙ্গে বাকি ক্রিকেটারদের মতোই আচরণ করা হবে বলে আশা পেইনের। একই সঙ্গে ভারতের বিপক্ষে তাদের সাম্প্রতিক টেস্টে স্মিথ ও ওয়ার্নারদের অনুপস্থিতি হাড়ে হাড়ে পাচ্ছেন বলে জানান তিনি, ‘আমার মনে হয় এটা সত্য দুজন অথবা তিনজন ভালো ক্রিকেটার যে কোনও দলের বাইরে থাকলে তাদের ধুঁকতে হবেই। আর তখন ছন্দহীন থাকাটা অস্বাভাবিক নয়।’








