সেঞ্চুরি হয়নি একটিও। মার্নাস লাবুশকানি ও ট্রেভিস হেড সম্ভাবনা জাগিয়েও পারেননি। এরপরও শ্রীলঙ্কার বিপক্ষে দিবারাত্রির টেস্টে সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া। ব্রিসবেনে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে এখনও ১৬২ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
হেডের ৮৪ ও লাবুশকানির ৮১ রানে ভর দিয়ে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করেছে ৩২৩ রান। জবাবে প্রথম ইনিংসে ১৪৪ রানে অলআউট হওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় দিন খেলা শেষ হওয়ার আগে ১৭ রান তুলতে হারিয়েছে ১ উইকেট।
দ্বিতীয় দিনের শুরুটা একেবারেই ভালো ছিল না অস্ট্রেলিয়ার। ৪০ রানে অপরাজিত থাকা মার্কাস হ্যারিস নাইটওয়াচম্যান নাথান লিওনকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন খেলা। যদিও নামের পাশে মাত্র ৪ রান যোগ করে প্যাভিলিয়নে ফেরেন হ্যারিস। লাহিরু কুমারার বলে ৪৪ রান করে আউট হয়ে যান এই ওপেনার। খানিক পর লিওনও (১) ফিরে যান। তাতে ৮২ রানে অস্ট্রেলিয়ার হারায় ৪ উইকেট।
শুরুর ওই ধাক্কা স্বাগতিকরা দারুণভাবে কাটিয়ে ওঠে লাবুশকানি ও হেডের ব্যাটে। পঞ্চম উইকেট জুটিতে ১৬৬ রান যোগ করে স্বস্তি ফেরান অস্ট্রেলিয়া ক্যাম্পে। হাফসেঞ্চুরি পূরণ করে দুজনই হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও একজনও যেতে পারেননি তিন অঙ্কের ঘরে। ৮১ রান করে আউট হয়ে যান লাবুশকানি। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান ১৫০ বলের ইনিংসটি সাজান মাত্র ৩ বাউন্ডারিতে।
তার আউটের পর হেডও মিস করেছেন সেঞ্চুরি। ৮৪ রান করে তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। ১৮৭ বলের ইনিংসে মেরেছেন তিনি ১০ বাউন্ডারি। তার আউটের পর কার্টিস প্যাটারসনের ৩০ ও মিচেল স্টার্কের হার না মানা ২৬ রানে ভর করে ৩২৩ রানে অলআউট হয় স্বাগতিকরা।
শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার সুরঙ্গা লাকমাল। এই পেসার ৭৫ রান খরচায় পেয়েছেন ৫ উইকেট। দুটি উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা।
অস্ট্রেলিয়াকে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে ৩ রানে প্যাট কামিন্সের শিকার হলে শেষ হয়ে যায় দিনের খেলা। ৬ রানে অপরাজিত আছেন লাহিরু থিরিমানে। ক্রিকইনফো








