জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রোমাঞ্চ ছড়িয়ে তারা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়েছে ৩ উইকেটে। একই রকম উত্তেজনা ছড়িয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। তারা খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে হারিয়েছে ২ উইকেটে। অপর দিকে দাপুটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
মোহামেডান-গাজী গ্রুপ
সাভারে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে গাজী গ্রুপকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদের অল্পতেই আটকে রাখে মোহামেডান। পুরো টপ অর্ডার ধসিয়ে দেন পেসার শফিউল ইসলাম। লোয়ার অর্ডারে তৌহিদ তারেক ও শামসুল ইসলামের দায়িত্বশীল ব্যাটিং যদিও মান বাঁচিয়েছে গাজী গ্রুপের। শামসুলের অপরাজিত ৭১ আর তৌহিদ ৫৬ রানে ফিরলে ৪৫.২ ওভারে ১৮২ রানে অলআউট হয় তারা। শফিউল ৩২ রানে নেন ৫টি উইকেট।
প্রতিপক্ষকে কম রানে আটকে রেখেও স্বস্তিতে ছিলো না মোহামেডান। ৮৭ রানে ৬ উইকেট পড়লে খাদের কিনারায় চলে যায় তারা। সেখান থেকে তাদের উদ্ধার করে অপর প্রান্ত আগলে থাকা অধিনায়ক রকিবুল হাসানের ৮২ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে ভর করেই ৪৫.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় মোহামেডান। ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা শফিউল।
খেলাঘর -প্রাইম ব্যাংক
ঢাকায় অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রানে গুটিয়ে যায় খেলাঘর। মিডল অর্ডারের মিলিত ভূমিকাতে লড়াই করার পুঁজি পায় তারা। অমিত মজুমদারের ৩৬, আল মেনেরিয়ার ৩৫ আন অধিনায়ক নিজামউদ্দীনের ব্যাট থেকে আসে উল্লেখযোগ্য ২৯ রান।
প্রাইম ব্যাংকের পক্ষে ২৪ রানে ৪ উইকেট নেন আরিফুল হক। ৩টি নেন অলোক কাপালি।
জবাবে প্রাইম ব্যাংকের সূচনা দুর্দান্ত ছিলো। ৩ উইকেটের বিনিময়ে তারা তুলে ফেলেছিলো ১০৫ রান। ওপেনার রুবেল মিয়া ৪৬ আর এনামুল হক ৩৭ রান করে ফেরার পর পরের ব্যাটসম্যানরা ছিলেন নড়বড়ে। আসা যাওয়ার তাড়া দেখা দিলে এক পর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ১৮১ রানে ৭ উইকেট! বল হাতে দারুণ ভূমিকা রাখা আরিফুল ব্যাট হাতেও ছিলেন প্রভাবকের ভূমিকায়। ৩২ রানে অপরাজিত থেকে জয় পেতে ভূমিকা রাখেন প্রাইম ব্যাংকের। তারা ৮ উইকেট হারিয়ে জয় পায় ৪৭ ওভারে। খেলাঘরের পক্ষে ৪০ রানে ৩টি উইকেট নেন ইফরান হোসেন, ২টি নেন রবিউল হক। ম্যাচসেরা অলরাউন্ড নৈপুণ্য দেখানো আরিফুল হক।
শাইনপুকুর -প্রাইম দোলেশ্বর
ফতুল্লায় অনুষ্ঠেয় এই ম্যাচটিতে দাপুটে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। শুরুতে শাইনপুকুরকে ব্যাটিংয়ে পাঠিয়ে প্রাইম দোলেশ্বর তাদের অলআউট করেছে ১৭৫ রানে। সোহরাওয়ার্দী শুভ ৪০ রানে অপরাজিত থাকলেও তাদের অল্পতে থামিয়ে দিতে ভূমিকা রাখেন ফরহাদ রেজা। ৩২ রানে নেন ৩ উইকেট। দুটি নেন আরাফাত সানী।
জবাবে প্রাইম দোলেশ্বর ৫৭ রানে সৈকত আলীর উইকেটটি হারালে সাইফ হাসানের অপরাজিত ৮৩ আর ফরহাদ হোসেনের ৬৬ রানের সুবাদে সহজেই জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রাইম দোলেশ্বর। তারা জয় পায় ৪৩.৪ ওভারে।








