রাঁচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আর্মি ক্যাপ মাথায় দিয়েছিলো ভারত। কাশ্মিরে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে করা তাদের ব্যতিক্রমী উদ্যোগ অবশ্য ভালো চোখে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।তাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি।
জানা গেছে, ভারতীয় সেনা বাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট পদ পাওয়া ধোনির উদ্যোগেই ঘটনাটি ঘেটেছে। তিনি ভারতীয় দলের সবাইকে আর্মি ক্যাপ বিতরণ করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় ভারতের ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে বাহিনীর অন্তত ৪০জন সদস্য। যেই হামলায় ভারত দোষ চাপাচ্ছে পাকিস্তানের ওপর।
সেই মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে ওই উদ্যোগ নিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিরাট কোহলির দল। এমন পদক্ষেপের আগে আইসিসির অনুমতিও নেয় তারা। কিন্তু পিসিবি বিষয়টিকে রাজনৈতিক উস্কানি হিসেবে মনে করছে। পিসিবির চেয়ারম্যান এহসান মানি ক্ষোভ নিয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি আইসিসির কাছে তুলে ধরেছি। এ বিষয়ে আমাদের অবস্থান যে স্পষ্ট তা আইসিসির কাছেও পুরোপুরি পরিষ্কার। আমরা মনে করি ক্রিকেট এবং ক্রীড়াঙ্গন কোনও ভাবেই রাজনীতির জন্য নয়। এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি।’
ক্রিকেটে রাজনীতিকরণ বা এমন কিছুকে ব্যবহারের বিরুদ্ধে বিধিনিষেধ আছে আইসিসির। সেই নিয়মকে সামনে রেখে এহসান মানি ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
পূর্বে এমন ঘটনার নজিরও আছে। ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী ‘সেভ গাজা’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ নামে বাহুবন্ধনী পড়ে মাঠে নামায় তাকে নিষিদ্ধ করা হয়েছিলো ২০১৪ সালে। ইসিবি তার পক্ষে থাকলেও আইসিসি তার বিরুদ্ধে কড়া পদেক্ষেপ নিয়েছিলো।








