প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। সোমবার দারুণ সেই ফর্মে চড়ে শেখ জামালের বিপক্ষে গড়ে ফেলেছেন রেকর্ড। দেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুতগতির হাফসেঞ্চুরি এখন তার দখলে। ১৮ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন প্রাইম দোলেশ্বরের হয়ে।
লিস্ট ‘এ’ ক্রিকেটের আগের রেকর্ডটি ছিল নাজমুল হোসেন মিলনের। ১০৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা এই ক্রিকেটার ২০০৭ সালে খুলনার হয়ে ১৯ বলে ঢাকার বিপক্ষে আগের রেকর্ডটি গড়েছিলেন। তখন থেকে ছক্কা মিলন নামেই পরিচিত তিনি। সোমবার মাত্র ১৮ বলে আগের রেকর্ড ভেঙে দিয়েছেন ফরহাদ রেজা। ৩টি চার ছাড়াও ৬টি ছক্কার মার ছিলো তার ইনিংসে।
নিঃসন্দেহে ক্যারিয়ারের সবচেয়ে দারুণ সময় কাটাচ্ছেন ফরহাদ রেজা। আন্তর্জাতিক ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছিলেন। যদিও সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারেনি ৩৪ টি ওয়ানডে ও ১৩ টি টি-টোয়েন্টি খেলে। ২০১৪ সালের পর থেকেই ব্রাত্য হয়ে পড়েন।
তবে গত কয়েক বছর ধরে নিজেকে বদলে ফেলেছেন অভিজ্ঞতার ছোঁয়ায়। ব্যাট ও বল হাতে যেভাবে পারফরম্যান্স করছেন, সেটা দেখে যে কেউই বিস্মিত হতে পারে! বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে চমক দেখানো পারফরম্যান্সের পর প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়েও অব্যাহত আছে তার চমক জাগানো পারফরম্যান্স।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজের বদলে যাওয়া ব্যাটিংয়ের একঝলক দেখিয়েছেন তিনি। বৃষ্টি বৃঘ্নিত ম্যাচে শেখ জামালের বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন। ইনিংসের ২৫তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে টানা তিনটি ছক্কা মেরে পূরণ করেন ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি। আর তাতেই দেশের হয়ে ঢুকে যান লিস্ট ‘এ’ ক্রিকেটের সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরির তালিকায়।








