আয়ারল্যান্ডে যাওয়ার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান। যথাসময়ে অনুশীলনে যোগ না দেওয়া, ফটোসেশনে না থাকাসহ নানান কিছুতে তাকে জড়িয়ে সমালোচনা হচ্ছিল বেশ। কিন্তু যাকে নিয়ে এতো কথা তাকে স্পর্শ করছে না এসব কিছুই! রবিবারের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের কাছে আত্মসমর্পণ করলেও অবিচল ছিলেন সাকিব। এতেই প্রমাণ করে কতটা শক্ত মানসিকতার তিনি।
প্রস্তুতি ম্যাচে বল হাতে ১০ ওভারে ৩০ রান খরচায় এক উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে সর্বোচ্চ ৫৪ রানও এসেছে সাকিবের ব্যাট থেকে। এমন পারফরম্যান্সের পর অধিনায়কের কণ্ঠেও সাকিব বন্দনা। মাশরাফিও মনে করেন সাকিবকে নিয়ে আলোচনাগুলো বড় কোনও ইস্যু নয়, ‘ক্রিকেটতো মনস্তাত্ত্বিক খেলা। ও (সাকিব) সব সময়ই মানসিকভাবে খুব শক্তিশালী। এত দিন ধরে খেলছে, যেকোনো পরিস্থিতি সে সামলাতে পারে। ওর জন্য এটা বড় কোনও বিষয় না, কত দিন অনুশীলনে ছিল না, কত দিন ম্যাচ খেলেনি- এসবে ওর সমস্যা হয় না।’
অধিনায়ক মাশরাফির সঙ্গে সুর মিলিয়ে নির্বাচক হাবিবুল বাশারও সুমনও বললেন একই কথা, ‘সাকিবকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তার মানিয়ে নিতে সময় লাগে না। সাকিবের মতো খেলোয়াড়দের এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে যেতে কিছু লাগে না। সে বড় ম্যাচের খেলোয়াড়, সময় মতো সে ভালো কিছু করবে।’








