চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়ার অপেক্ষায় আছে টটেনহাম হটস্পার। তারুণ্য নির্ভর আয়াক্সের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বাধা টপকাতে পারলেই প্রথমবারের মতো ইউরোপ সেরার টুর্নামেন্টে ফাইনালে উঠবে তারা। আর তা করতে পারলেই লিভারপুলের পর তারা নাম লেখাবে ফাইনালে। বুধবার দিবাগত রাত ১টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২।
আয়াক্স ইউরোপ সেরার টুর্নামেন্ট চারবার জিতলেও টটেনহামের ক্ষেত্রে তা হয়ে দাঁড়িয়েছে ইতিহাস গড়ার মঞ্চ। স্পারদের কোচ মাউরিসিও পচেত্তিনো এই ম্যাচকে দেখছেন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মঞ্চ হিসেবে, ‘আমরা স্বপ্ন তাড়া করে ফিরছি। ৫ বছর আগে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আমার মনে হয় কেউ ভাবেনি আমরা টানা তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবো। এমনকি এই পর্যায়েও পৌঁছাবো।’
অবশ্য এমন স্বপ্ন তাড়া করে ফিরতে সাম্প্রতিক পরিসংখ্যানও তাদের পক্ষে নয়। হ্যারি কেইন দলে নেই, শেষ ৬ খেলায় হেরেছে ৫টিতে। প্রথম লেগে ১-০ তে হেরেও এসব পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছেন না পচেত্তিনো, ‘মৌসুমের শুরুতে টটেনহাম এই অবস্থানে আসবে এটাও তো কেউ ভাবতে পারেনি। এমনকি ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করবে এটাও না।’
অপর দিকে মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে ডাচ ক্লাব আয়াক্স। কিছুদিন আগে নিশ্চিত করেছে ডাচ কাপ। নেদারল্যান্ডসের ঘরোয়া লিগেও তাদের অবস্থান শীর্ষে। অবিশ্বাস্য সেই ছুটে চলা তারা অব্যাহত রাখতে চাইছে চ্যাম্পিয়নস লিগেও। কোচ এরিক টেন মনে করেন, ‘আমরা জানি সামনে কী অপেক্ষা করছে। এটা পরিষ্কার এই ম্যাচটা আমাদের ভাবনায় অবস্থান করছে।’








