দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণভাবে জিতেছে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে হলে আরও চার থেকে পাঁচটি ম্যাচ জিততে হবে মাশরাফিদের। কাজটা যে সহজ হবে না, সেটাই মনে করিয়ে দিলেন বিশ্বাসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ম্যাচ শেষে মিক্সড জোনে এসে কথা বলেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া সাকিব। সামনের ম্যাচগুলো যে অতটা সহজ হবে না সেই কথাই বললেন তিনি, ‘চেষ্টা থাকবে ধারাবাহিকতা ধরে রাখার। আরও ৮টা ম্যাচ আছে। অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এই ম্যাচের ফল দেখে সবাই আরও সতর্ক হয়ে আমাদের সঙ্গে খেলবে। আমাদেরও সেভাবেই প্রস্তুতি নিতে হবে। পরিকল্পনাগুলো সেভাবে বাস্তবায়ন করতে হবে।’
ইনজুরির কারণে গত এক বছর ধরে নিয়মিত খেলতে পারেননি সাকিব। ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও খেলতে পারেননি একই কারণে। তবে বিশ্বকাপের মঞ্চে নেমেই অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতালেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। ওভালে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে বিশ্বকাপে ২১ ম্যাচ খেলেছেন সাকিব। বল-ব্যাট হাতে এর আগে অনেক অর্জনই করেছেন। তবে এবারই প্রথম বিশ্বকাপে পেলেন ম্যাচসেরার পুরস্কার। ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে সাকিব দক্ষিণ আফ্রিকা বধের নায়ক। নিজের পারফরম্যান্সে খুব খুশি দেখা গেলো তাকে, ‘নিজের কথা যদি বলি, অবশ্যই আজকে ভালো লাগার মতো একটি দিন পার করেছি। দলের জয়ে অবদান রাখতে পেরেছি। ব্যক্তিগত কিছু অর্জন ছিল। মুশফিক ভাইয়ের সঙ্গে জুটিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল দলের ভিত গড়ার জন্য।’
অবশ্য গত তিনটি বিশ্বকাপে ভালো শুরুর পরও শেষটা ভালো করতে না পারার আক্ষেপে পুড়ছেন সাকিব, ‘প্রথম ম্যাচে টানা ভালো করার রহস্য কী তা জানি না। তবে অন্যান্য বিশ্বকাপের মতো এবার শেষটা ওরকম করতে চাই না। আরও ভালোভাবে শেষ করতে চাই। চেষ্টা থাকবে ভালো কিছু করার দিকে। শুরুতে ভালো করলে সুবিধাটা একটু বেশি থাকে। যেহেতু আটটা ম্যাচ আছে অনেক কিছু করার সুযোগ আছে এখানে। দলের জন্য, নিজের জন্য। আমার সেই চেষ্টাই থাকবে।’








