বিশ্বকাপে কাগজে কলমে ৮ খেলায় একটি মাত্র হার অস্ট্রেলিয়ার। কিন্তু এখন পর্যন্ত সেরাটা দিতে পারেনি অজিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯২ রানে ৫ উইকেট পড়ে যাওয়ায় ব্যাটিং বিভাগের দুর্বলতাটা আরও চোখে পড়েছে প্রবলভাবে। মূলত বোলারদের আগুনে বোলিংয়েই বাধা অতিক্রম করে যাচ্ছে তারা। তাই অজি পেসার মিচেল স্টার্ক নিজেও মানছেন বিশ্বকাপে এখনও সেরাটা দিতে পারেনি তার দল।
নিউজিল্যান্ডের বিপক্ষে বোলারদের গতি ঝরেই মিলেছে ৮৬ রানের জয়। তাতে স্টার্ক একাই নেন ৫ উইকেট। ম্যাচ জয়ের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে স্টার্ক বললেন, ‘আমরা এখনও সেরা পারফরম্যান্সের খোঁজে আছি। এখনও সেরা অবস্থানে পৌঁছাতে পারিনি। তবে তার ঝলক কিছুটা হলেও দেখাতে পেরেছি। তবে উন্নতির জায়গা এখনও আছে।’
সেরাটা পেতে এখন সেমিফাইনালের দিকে নজর অজি এই তারকার, ‘সেমিফাইনালেই আমাদের সেরাটা দিতে হবে। ফাইনালে হয়তো আরও ভালো কিছু হবে। এভাবে উন্নতি করতে হলে, ম্যাচের সময় পরিকল্পনাটা ভালো করে প্রয়োগ করতে হবে।’
বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার। ২০০৭ সালে একাই নিয়েছেন ২৬ উইকেট। তেমন রেকর্ড অতিক্রম করতে আর তিন উইকেট প্রয়োজন স্টার্কের। অবশ্য এমন রেকর্ডে খুব একটা আগ্রহ দেখালেন না তিনি। স্টার্ক মনে করেন, ‘আসলে রেকর্ড কোনও কাজে আসবে না যদি বিশ্বকাপ না জিতি। তাই আমি এই গ্রুপে কার্যকরী ভূমিকা রেখেই খেলতে চাই।’








