চট্টগ্রামে আলোর স্বল্পতায় বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টটির তৃতীয় দিন শেষ হয়েছিল আগেভাগে। সেই ক্ষতি পুষিয়ে নিতে চতুর্থ দিন ২০ মিনিট আগে খেলা শুরুর প্রস্তুতি ছিল। সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। তাই নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। আফগানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ২৪৬ রান। তাদের লিড দাঁড়িয়েছে ৩৭৭ রানের।
আগের দিনই দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান তুলে অবস্থানটা শক্ত অবস্থানে নিয়ে গেছে আফগানরা। চতুর্থ ইনিংসে তাই ব্যাট করতে নামলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে আফগানদের সংগ্রহটা বড় করতে ক্রিজে আছেন আফসার জাজাই। ব্যাট করছেন ৩৭ রানে। অপরপ্রান্তে ৬ রানে ব্যাট করছেন ইয়ামিন আহমাদজাই।
সকালে ৯টা ৪০ মিনিটে দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু করা যায়নি দিনের খেলা। পরে সোয়া ১১টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করে নতুন সময় ঘোষণা করেন। খেলা শুরু হয় ১১টা ৫০ মিনিটে। খেলা শুরু হতে দেরি হওয়ায় লাঞ্চ হবে ১টায়। চা পানের বিরতি ৩টা ৪০ মিনিটে। ম্যাচ চলবে ৫টা ৪০ মিনিট পর্যন্ত। খেলা হবে কমপক্ষে ৭৩ ওভার।








