বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে জার্মানির কাছে পাত্তাই পেলো না পর্তুগাল। টমাস মুলারের হ্যাটট্রিকে ৪-০ গোলে রোনালদোর দলকে উড়িয়ে দিয়েছে জোয়াকিম লোর শিষ্যরা। সোমবার অ্যারেনা ফন্তে নোভায় উত্তেজনার পারদ ছিল চরমে। সেই উত্তেজনাতেই খেই হারিয়ে ফেলে পর্তুগাল। ফলে ১২ মিনিটে ফাউলের চরম মূল্য দিতে হয়েছে রোনালদো-নানিদের। ১২ মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে দলকে এগিয়ে নিয়েছেন মুলার। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হ্যামেলস। তবে ম্যাচে শুরু থেকেই প্রাদপ্রদীপের আলোয় ছিলেন ব্যালন ডি’ওর জেতা রোনালদো। কিন্তু রোনালদো ভক্তদের অন্ধকারে রেখে পাদপ্রদীপের আলো জোড় করে নিজের দিকে নিয়ে গেছেন গত বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা মুলার। ছন্নছাড়া পর্তুগিজ রক্ষণকে একাই চূর্ণ বিচূর্ণ করেছেন জার্মানির হয়ে ৫০তম ম্যাচ খেলা এই স্ট্রাইকার। ৪৫+১ মিনিটে দ্বিতীয় ও ৭৮ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচে ফুটবল নিয়ে কারিকুরি দেখাতে না পারলেও শারীরিক কারিকুরি দেখিয়েছে পর্তুগাল। ৩৭ মিনিটে আবারও ফাউল করে বসে পর্তুগিজরা। পেপের অশোভন দৈহিক আচরণে মুখে আঘাত পান মুলার। যার জবাবটা মাঠেই দিয়ে দেন রেফারি। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মুলার-গোটশের দল।








