নিজেকে আর শোধরাতে পারলেন না লুইস সুয়ারেজ। আবারও নতুন করে বিতর্কে জড়িয়েছেন লিভারপুলের উরুগুইয়ান এই স্ট্রাইকার। এবার ট্যাকল করতে গিয়ে ইতালির ডিফেন্ডার চিয়েলিনির কাঁধে বত্রিশটি দাঁতই বসিয়ে দিয়েছেন তিনি! ঘটনার এখানেই শেষ নয়। এ ঘটনার ময়না তদন্ত করেই চলেছে গণমাধ্যমগুলো। এমনকি বসে নেই মনোরোগ বিশেষজ্ঞরাও! সুয়ারেজের কামড় নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রভাষক ও মনোরোগ বিশেষজ্ঞ এভা কিমনিস বলেছেন, “অামি ভিডিও ফুটেজটি দেখেছি। দেখে মনে হয়েছে, চিয়েলিনি তাকে বাধা দিচ্ছিল বলেই সুয়ারেজ সেই রাগের বহিঃপ্রকাশ এভাবে ঘটিয়েছে।” কিমনিস এ ঘটনাকে ইচ্ছাকৃত নয় বলে জানিয়ে বলেছেন, “এটা দেখে মনে হয়েছে সুয়ারেজ ইচ্ছে করে এ ধরনের কাণ্ড ঘটাচ্ছেন না। তবে তার নিজের জন্যই এমন আচরণ থেকে সুয়ারেজেরকে বিরত থাকতে হবে।” নিজের করা এক গবেষণার বরাত দিয়ে কিমিনস অারও বলেন, ''এ ধরনের আচরণ সাধারণত ছোটদের বেলায় দেখা যায়। প্রাপ্ত বয়স্কদের বেলায় এটা দুর্লভ। অনেকে চাপ সামলাতে না পেরে এ ধরনের কাণ্ড ঘটান। তবে সুয়ারেজের এমন আচরণ ব্যতিক্রমী ঘটনা। এখানে চাপ ছাড়াও ভিন্ন কিছু নিয়ামক কাজ করে থাকতে পারে!" সুয়ারেজের ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে কিছু টনিকও বাতলে দিয়েছেন ওই মনোরোগ বিশেষজ্ঞ। তিনি বলেছেন, “সুয়ারেজ এমস আচরণ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেন। তবে এটা অতোটা সহজ নয়। এর জন্যে প্রয়োজন দৃঢ় মনোবল ও অধ্যাবসায়।''








