জাতীয় দল ছেড়ে কাউন্টিতে খেলতে মনস্থির করলেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার মিগুয়েল কামিন্স। তিন বছরের কোলপ্যাক চুক্তিতে যোগ দিয়েছেন মিডলসেক্সে।
কিছুদিন আগেও জাতীয় দলের হয়ে তার সবশেষ টেস্টটি ছিল আগস্টে। ভারতের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে খেলেছেন। ফিডেল অ্যাডওয়ার্ডস, রবি রামপলের পর সবশেষ ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে কোলপ্যাক চুক্তিতে খেলতে যাচ্ছেন ২৯ বছর বয়সী এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ছিলেন স্টুয়ার্ট ল। তিনি এখন মিডলসেক্সেরও কোচ। তারই সুপারিশ মিগুয়েলকে দলে নিয়েছে কর্তৃপক্ষ। মিডলসেক্সের ক্রিকেট ডিরেক্টর অ্যাঙ্গাস ফ্রেসার জানান, ‘স্টুয়ার্ট ল’ই মিগুয়েলকে এখানে আনতে সুপারিশ করেছে। একটা সময় ওয়েস্ট ইন্ডিজে তার অধীনে খেলেছে মিগুয়েল।’
গত মাসে বিদেশি ক্রিকেটার হিসেবে মিডলসেক্সে স্বল্প সময়ের জন্য খেলেছেন কামিন্স। চ্যাম্পিয়নশিপ গেমসে তিনটি ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। এখন কোলপ্যাক চুক্তি সই করায় তাকে দেখা যাবে নিয়মিত। এই চুক্তি অনুসারে নন-ইউরোপিয়ান খেলোয়াড়রা স্থানীয় হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পায়। কোলপ্যাক চুক্তিতে থাকাকালে কোনও ক্রিকেটার তার নিজ দেশের হয়ে খেলতে পারে না। চুক্তির আগে কামিন্স দেশের হয়ে ১৪টি টেস্টের সঙ্গে খেলেছেন ১১টি ওয়ানডে।








