অনেক দিন ধরেই পাকিস্তান-ভারত দুই ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বি-পক্ষীয় ক্রিকেট সিরিজের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে এই সিরিজকে চূড়ান্ত রূপ দিতে ভারতের মাটিতে পাকিস্তানের হোম সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
টেলিফোনে পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খানকে এমন প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর। টেলিফোনে বিসিসিআই সভাপতি এ প্রস্তাব দিয়ে আরও বলেছেন, ভারতে এই সিরিজ আয়োজনের ফলে পিসিবির কোনও ক্ষতি হলে সেটাও পুষিয়ে দেবে বিসিসিআই।
শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিসিসিআই প্রধান আমাকে বলেছেন- ভারত দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রস্তুত। তবে আমার কাছে বিরক্তিকরই লেগেছে এজন্য যে, তারা আমাদের হোম সিরিজটি ভারতের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘মনোহর আমাকে বলেছেন ম্যাচগুলো নিরাপত্তা বিঘ্ন হবে না এমন শহরেই আয়োজন করা হবে। কিন্তু আমাদের এই সিরিজ নিয়ে যে সমঝোতা সই হয়েছিল, সেখানে স্পষ্ট লেখা ছিল আমাদের হোম সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতেই। আমাদের এটাই মেনে কাজ করা উচিত।’
তবে বিসিসিআইর এমন প্রস্তাবের পরও সিরিজের সম্ভাবনা সুতোর ওপর ঝুলে রয়েছে। কারণ ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান। তিনি বলেছেন, ‘ভারতে পাকিস্তানিদের জন্য পরিবেশটা অনুকূল নয়। কারণ শিব সেনা অথবা অন্য জঙ্গিবাদী গোষ্ঠীদের হুমকিতে রয়েছে পাকিস্তানিরা। তাই এ অবস্থায় কীভাবে আমরা সেই ঝুঁকি নেই?’
শাহরিয়ার-মনোহরের কথোপকথনের আলোচ্য বিষয়গুলো ছিল-
১. পাকিস্তান সরকারের কাছে এ ব্যাপারে অনুমতি চাইতে পিসিবিকে পরামর্শ দিয়েছে বিসিসিআই।
২. ভারত আনুষ্ঠানিকভাবে পিসিবিকে সেখানে সিরিজ খেলতে আমন্ত্রণ জানিয়েছে।
৩. সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নিরাপদ জায়গায়।
৪. ক্ষতিপূরণ বা আয়ের লভ্যাংশ ভাগাভাগিতে রাজি বিসিসিআই।
/এফআইআর /এএইচ/








