নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট বাঁচাতে লড়াই করছে ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে বিজে ওয়াটলিংয়ের ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে কিউইরা। ২৬২ রানে এগিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ৯ উইকেটে ৬১৫ রান তুলে। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে জবাব দিতে গিয়ে ইংল্যান্ড ৫৫ রানে হারিয়েছে ৩ উইকেট। এখনও পিছিয়ে ২০৭ রানে।
আগের দিন সেঞ্চুরি হাঁকানো ওয়াটলিং লড়াই চালিয়ে গেছেন এদিনও। কিউইদের ৩১৬ রানে ৬ উইকেট পতনের পর তার সবচেয়ে বড় প্রতিরোধ আসে সপ্তম উইকেটে। এসময়ে সেঞ্চুরিকে ডাবলে রূপ দেন ওয়াটলিং। বিদায় নেওয়ার আগে করেন ২০৫ রান। তার সঙ্গী স্যান্টনারও হাঁকান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১২৬)। এই জুটিতে এসেছে সর্বোচ্চ ২৬১ রান! তাদের বিদাযের পর পর চা পানের বিরতিতে ৯ উইকেটে ৬১৫ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
চতুর্থ দিনের শেষভাগে খেলতে নেমে খুব বেশি স্বস্তিদায়ক অবস্থায় নেই ইংল্যান্ড। ৫৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে তারা। তাই শেষ দিনে ড্র করতে হলে পুরো দিন লড়াই করতে হবে ইংলিশদের। ৬ রানে ইংল্যান্ডের ৩টি উইকেটই নিয়েছেন স্যান্টনার।








