ইংলিশদের হয়ে প্রথমবার অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিলেন জোফরা আর্চার। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মাঠে অ্যাওয়ে ম্যাচের অভিজ্ঞতাটা অবশ্য সুখকর হলো না তার জন্য। ম্যাচের পর দাবি করেছেন, শেষ দিনে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন মাঠে।
২৪ বছর বয়সী আর্চার বে ওভালে সেই বর্ণবাদী ভক্তের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘সত্যিই খুব বিরক্তিকর। যখন নাকি দলকে বাঁচানোর চেষ্টা করছি, তখন এমন বর্ণবাদী আচরণ।’ তিনি আরও বলেছেন, ‘মাঠের সবাই অসাধারণ ছিল কিন্তু একজন ছাড়া। বার্মি আর্মিও যেমন ভালো থাকে তেমনই ছিল।’
ইংল্যান্ডের একাংশের তদন্তের পর জানা গেছে, সোশ্যাল মিডিয়াতেই আর্চারকে লক্ষ্য করে একজন কিছু ম্যাসেজ দিয়েছে। সেই মূলত দোষী। আর্চারের প্রতি এমন আচরণ মেনে নিতে পারছে না ইংল্যান্ডও। ইসিবির ডিরেক্টর অ্যাশলে জাইলস জানিয়েছেন, ‘সত্যি ইমোশনাল একটি মুহূর্ত। আমরা পুরো সমর্থন করি আর্চারকে।’
আর্চারের এমন দাবির পর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ক্ষমা চাইবে আর্চারের কাছে। তারা আরও জানিয়েছে, ঘটনার দোষীকে খুঁজে বের করা হবে।








