বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এদিন ওপেনিংয়ে নেমেই ব্যাটে ঝড় তুলেছিলেন ইমরুল কায়েস। ইমরুলের ৪৮ বলে ৬৭ ও আসিফ জাইদির ১৫ বলে ৪০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে কুমিল্লা। রংপুরের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন পেরেরা।
খেলার শুরুতে বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিল কুমিল্লা। ইমরুলের ঝড়ো ব্যাটিংয়ে ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭০ রান সংগ্রহ করে কুমিল্লা।
তবে কিছুক্ষণ পর দৃশ্যপট পাল্টে যায়। বল হাতে ধ্বংসযজ্ঞ চালান লংকান পেসার থিসারা পেরেরা। ১১তম ওভারের শেষ বলে আউট হন লিটন দাস (২৮)। মাঠে নামে অধিনায়ক মাশরাফি। তবে বেশিক্ষণ থাকতে পারেননি। এক রান করেই বিদায় নেন তিনি।
খেলার ১৫.২ ওভারে ব্যক্তিগত ৬৭ ও দলীয় ১০৭ রানে পেরেরার বলে আউট হন ইমরুল। দলীয় ১১২ রানে আউট হন আন্দ্রে রাসেল (৩)। কোনও রান না করে আউট হন আহমেদ শেহজাদও।
শেষ দিকে আসিফ জাইদির ১৫ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে কুমিল্লা।
৪ ওভারে ২৬ রান দিয়ে পাঁচটি উইকেট পেয়েছেন থিসারা পেরেরা। একে একে পেরেরার শিকারে পরিণত হয়েছেন ইমরুল কায়েস, মাশরাফি, আন্দ্রে রাসেল, আহমেদ শেহজাদ ও অলক কাপালি।
এর আহে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান।
আজকে ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। আর যারা হেরে যাবে তাদের জন্য একটি পথ খোলা রয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের ম্যাচে যারা জিতবে, তাদের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠার পথ করে নিতে পারবে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া দল।
/এমআর/








