অ্যাশেজের প্রথম টেস্টের দলে প্রত্যাশিতভাবেই ছিলেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। কিন্তু পায়ের পেশির চোটে বল করতে পারেন মাত্র ৪ ওভার! পুরো সিরিজ থেকে ছিটকে যাওয়ার হতাশা তো ছিলই, প্রথম টেস্টে ইংল্যান্ডের হারটিও দেখতে হয়েছে বাইরে বসে।
পেসারদের জন্য এটি যে কতটা যন্ত্রণার, অ্যান্ডারসন তা ভালোই উপলব্ধি করেছেন। তবে চোট কাটিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার আসন্ন বক্সিং ডে টেস্টের দলে আছেন। তবে নিজে থেকেই জানালেন, ম্যাচ খেলার মতো অবস্থায় এখনও ফেরেননি। তবে ছন্দে ফিরতে খুব দূরেও নন।
অ্যান্ডারসনের বয়স হয়ে গেছে ৩৭। পেসারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারিও তিনি। ১৪৯ ম্যাচে নিয়েছেন ৫৭৫ উইকেট। এমন একজনকে তো পেতেই চাইবে ইংল্যান্ড। অ্যান্ডারসন নিজেও আগের অবস্থায় ফিরে যেতে সেই ‘ক্ষুধা-আকাঙ্ক্ষা’ লালন করছেন নিজের ভেতরে। পুরো ফিটনেস ফিরে পেলে তার ভাণ্ডারে ৬০০ উইকেট জমা হতে বেশি দেরি হওয়ার কথা নয়।
যদিও শুক্রবার উইলোমোর পার্কে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরুর আগে নিজের ম্যাচ ফিটনেসে খু্ব একটা সন্তুষ্ট নন অ্যান্ডারসন, ‘টেস্ট দলে নিজেকে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করছি। জানি ম্যাচের জন্য এখনও আমি পুরোপুরি ছন্দে নেই।’
অবশ্য ছন্দে ফেরার লড়াইয়ে পরিশ্রমের কোনও কমতি রাখছেন না। বুধবার আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে ১১ ওভার বল করেছেন। অ্যান্ডারসন মনে করছেন পুরো ছন্দ ফিরে পেতে তিনি খুব বেশি দূরে নন তিনি, ‘দুই সপ্তাহ ধরে বল করে যাচ্ছি, এমনকি নেটেও। আমি নিশ্চিত যে পরের ম্যাচে যদি স্পেলের পর স্পেল বল করে যাই, তাহলে পারফরম্যান্সের উন্নতি হবে।’
সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর।








