প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে সুযোগ পেয়ে তা পুরোপুরি কাজে লাগিয়েছেন টম ব্লান্ডেল। ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে ৭০ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন। আর জিত রাভাল পার্থ টেস্টে এই পজিশনে ছিলেন ব্যর্থ। তাতে রাভালের জায়গায় বক্সিং ডে টেস্টে ওপেনিংয়ে সুযোগ করে দিয়েছে উইকেটকিপার ব্যাটসম্যানকে।
অথচ ৯৩টি প্রথম শ্রেণির ইনিংসে তার একটিতেও ওপেন করার অভিজ্ঞতা নেই। ২০১৭ সালে অভিষেক হওয়া ব্লান্ডেল সর্বোচ্চ খেলেছেন ৫ নম্বরে। তাই বলে ওপেনিংয়ে ব্যর্থ হবেন? ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে ওপেনিংয়ে দর্শনীয় এক ইনিংস খেলে এর জবাব দিয়েছেন তিনি।
এই সাফল্যেই তাকে উপরে খেলানোর পরিকল্পনা নিউজিল্যান্ডের। ১০টি চারের সহায়তায় ৭০ বলে খেলেছেন ৫৯ রানের ইনিংস। আউট হননি যদিও। রিটায়ার্ড হয়ে মাঠ ছেড়েছেন। ওপেনিংয়ে এমন সুযোগ পেয়ে ব্লান্ডেল খুব উচ্ছ্বসিত, ‘আমাদের অসাধারণ একটি সুযোগ দেওয়া হয়েছে। প্রায় ৮০ হাজার দর্শকের সামনে খেলবো। আশা করছি দিনটি দারুণ হবে।’
অভিষেকের পর মাত্র ২টি টেস্ট খেলেছেন। অভিষেকেই ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি আছে তার। তাতেও অবশ্য নিয়মিত হওয়ার সুযোগ মেলেনি। সব সময় ডাক পেয়েছেন বদলি হিসেবে। টেস্টে হয় বিজে ওয়াটলিংয়ের জায়গায়, নাহলে ল্যাথামের জায়গায় ওয়ানডেতে।
বিশ্বকাপে স্কোয়াডে নাম থাকলেও একটি ম্যাচেও খেলা হয়নি। নতুন অর্ডারে সুযোগ পাওয়ায় যে কোনো জায়গায় সেরাটা দেওয়ার সামর্থ্য আছে বলে মনে করছেন তিনি, ‘আমি মনে করি যে কোনো জায়গাতেই ভালো করতে পারবো। তাই বক্সিং ডে টেস্ট খেলতে মুখিয়ে আছি।’








