আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে বক্সিং ডে টেস্টে খেলবে ইংল্যান্ড। ছেলে বেন স্টোকসের খেলা দেখতে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিলেন বাবা। সঙ্গে ছিল পুরো পরিবার। বিধাতা বোধহয় ভিন্ন কিছুই লিখে রেখেছিলেন স্টোকসের ভাগ্যে! টেস্ট শুরুর আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার বাবা জেরার্ড।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অসুস্থতার ধরণ না জানালেও বলছে গুরুতর অসুস্থ স্টোকসের বাবা। বর্তমানে জোহানেসবার্গের একটি হাপসাতালে ভর্তি তিনি। অসুস্থবোধ করার পর সোমবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা গুরুতর।
এই মুহূর্তে বাবার শয্যা পাশে রয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক স্টোকস। তাই দলের অনুশীলনেও যোগ দিতে পারেননি। বক্সিং ডে টেস্টে তার খেলার সামনে বিরাট প্রশ্নচিহ্ন এখন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য জানিয়েছে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে তারা।








