দেখতে দেখতে ক্রিকেটের পঞ্জিকা থেকে হারিয়ে যাচ্ছে বিংশ শতাব্দীর আরেকটি দশক। তাই দশকের সেরা ক্রিকেটারদের তালিকা বানানো নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। এই দশকের আলোচিত ক্রিকেটারদের নিয়ে ৫ জনের একটি তালিকা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালমানাক। ৫ জনের সেই তালিকায় রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
নিত্য নতুন রেকর্ড সঙ্গী হওয়ায় বেশ কয়েক বছর ধরে আধিপত্য একটি নামের-বিরাট কোহলি। তার মতো এই তালিকায় আছেন- স্টিভেন স্মিথ, ডেল স্টেইন, এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলিসা পেরি।
মঙ্গলবার আইসিসিও এই দশকে বিরাট কোহলির আধিপত্যের বেশকিছু পরিসংখ্যান হাজির করেছে সোশ্যাল মিডিয়ায়। যার এই সময়ে রান সবচেয়ে বেশি- ৫ হাজার ৭৭৫ রান। যে কোনও ব্যাটসম্যানের চেয়ে বেশি তার সেঞ্চুরির সংখ্যাও- ২২টি।
দশক সেরা ক্রিকেটারদের তালিকায় স্থান দিয়ে উইজডেন কোহলিকে আখ্যা দিয়েছে প্রতিভাধর ব্যাটসম্যান হিসেবে, ‘চ্যালেঞ্জ উতরে যেতে সময় যত যাবে তার প্রতিভা আরও উন্নত হবে।’
এছাড়া সাম্প্রতিক কিছু পারফরম্যান্সও আলাদা করে তুলে ধরেছে উইজডেন, ২০১৪ সালে ইংল্যান্ড সফরের শেষ থেকে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট পর্যন্ত কোহলির গড় ছিল ৬৩! সেঞ্চুরি ছিল ২১টি, হাফসেঞ্চুরি ১৩টি।








