প্রত্যাশার ক্রিকেটে হতাশার আঁচড়

রবিউল ইসলাম
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৪:০১

ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়ছে বছরের শেষ দিনটিও । নতুন বছরের আবির্ভাব লগ্নে সময় এসেছে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর। অনেক প্রত্যাশায় শুরু বছরটি শেষ পর্যন্ত শেষ হয়েছে হতাশায় । ২০১৯ সালে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে ঘটেছে নানা ঘটনা। বিদায়ী বছরটিতে দেশের ক্রিকেট নিয়ে বাংলা ট্রিবিউনের সালতামামি-

এক বছরে দুই বিপিএল

বাংলাদেশের ২০১৯ সালের ক্রিকেট শুরু হয় বিপিএল দিয়ে। ষষ্ঠ বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২০১৮ সালের ডিসেম্বরে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে তা মাঠে গড়ায় ২০১৯-এর জানুয়ারিতে। শিরোপা জেতে কুমিল্লা ভিক্টোরিয়ানস । এই আসরে প্রথমবারের মতো খেলেছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্সের মতো বিশ্বতারকারা । একই বছরে দ্বিতীয় বিপিএল মাঠে গড়িয়েছে গত ১১ ডিসেম্বর। ভিন্ন আঙ্গিকে । গত টুর্নামেন্টগুলোর তুলনায় বঙ্গবন্ধু নামাঙ্কিত বিশেষ আসরটি  জমেনি।ফ্রাঞ্চাইজিবিহীন বিপিএল ঢাকা ও চট্টগ্রামের উইকেটে রান দেখলেও মাঠে দর্শক দেখছে খুবই কম । ভালো মানের বিদেশি না আনা এবং টিকিটের অতিরিক্ত দামও দর্শক অনীহার বড় কারণ।

ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা

ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেট বর্ষ শুরু হয় নিউজিল্যান্ড সফর দিয়ে। যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট খেলার কথা ছিলো বাংলাদেশের। এর মধ্যে তিন ওয়ানডে এবং দুই টেস্টের পর ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় বাতিল হয় তৃতীয় টেস্ট । গত ১৫ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় ক্রাইস্টচার্চের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায় স্বয়ংক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী । এতে ৪৯ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ৪৮ জন আহত হয়। ঘটনাস্থলের মাত্র ৫০ গজের মধ্যেই ছিল বাংলাদেশের ক্রিকেটারদের অনেকে। বাংলাদেশ দলকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনে বিসিবি। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনি।

ত্রিদেশীয় সিরিজের প্রথম শিরোপা

নিউজিল্যান্ড সফর শেষ হতেই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রস্তুতিপর্বে বাংলাদেশ দল মে মাসে আয়ারল্যান্ড সফর করে। সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বহুজাতিক সিরিজে শিরোপা জেতে বাংলাদেশ।

বিশ্বকাপে সাকিবের কীর্তি ও বাংলাদেশের ব্যর্থতা বিশ্বকাপে সাকিবের কীর্তি ও বাংলাদেশের ব্যর্থতা

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ শুরু করেছিলো বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টটি স্মরণীয় করে রাখতে পারেনি লাল-সবুজের দল । ৯ ম্যাচের মাত্র তিনটিতে জিতে টুর্নামেন্টে অষ্টম মাশরাফির দল। বাংলাদেশ দল ব্যর্থ হলেও ব্যাটে-বলে উজ্জ্বল ব্যতিক্রম হয়ে সুপারনোভার মতো আলো জ্বেলেছেন সাকিব । ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। বল হাতেও নেন ১১ উইকেট। সব মিলিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে বিশ্বকাপ ইতিহাসেই অন্যতম সেরা হিসেবে নাম লিখিয়েছেন।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে স্টিভ রোডসকে চাকুরিচ্যুত চাকুরিচ্যুত স্টিভ রোডস

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যর্থতার বলি হতে হয়েছে প্রধান কোচ স্টিভ রোডসকে। এর বাইরেও পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল যোশি ও ফিজিও তিহান চন্দ্রমোহনের সঙ্গে বিসিবি চুক্তি নবায়ন করেনি।

শ্রীলঙ্কার সঙ্গে ভরাডুবি শ্রীলঙ্কার সঙ্গে ভরাডুবি

বিশ্বকাপের পর বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যায়। চোট এই সফরে যেতে দেয়নি মাশরাফি বিন মর্তুজাকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেন তামিম ইকবাল। তিনটি ওয়ানডেতেই হেরেছে বাংলাদেশ।

নতুন হেড কোচ, পেস বোলিং কোচ ও ফিজিও নিয়োগ নুতন কোচিং স্টাফ

গত আগস্টে নতুন প্রধান কোচ ও পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গো ও শার্ল ল্যাঙ্গাভেল্টেকে। ফিজিও তিহান চন্দ্রমোহনের জায়গায় আসেন আরেক দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতো। আর অক্টোবরে স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দেন ড্যানিয়েল ভেট্টোরি। যদিও ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের অনুরোধে শার্ল ল্যাঙ্গাভেল্টেকে ছেড়ে দেয় বিসিবি।

আফগানদের কাছে হারের লজ্জা

টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আফগানিস্তানের সঙ্গে প্রথমবারের মতো টেস্ট খেলে বাংলাদেশ। কিন্তু  বৃষ্টির আশীর্বাদ স্বত্ত্বেও চট্টগ্রামে ম্যাচ বাঁচাতে পারেনি সাকিব আল হাসানের দল। একমাত্র টেস্টের পর জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গেই ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজেও বাজে ক্রিকেট খেলেন সাকিবরা। ফাইনালটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে বাংলাদেশ ও আফগানিস্তান ভাগাভাগি করে নেয় ট্রফি।

ক্রিকেটারদের ১৩ দফা ও ধর্মঘট ক্রিকেটারদের ধর্মঘট

অক্টোবরে বাংলাদেশের ক্রিকেট কাঁপিয়ে দেয় খেলোয়াড়দের বিদ্রোহ। প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন ও কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড় বাড়ানোসহ মোট ১৩টি দাবি নিয়ে আন্দোলন করেন ক্রিকেটাররা। ২১ অক্টোবর ১১ দফা দাবির সঙ্গে পরে যোগ হয় আরও দুটি দাবি। ২৩ অক্টোবর রাতে বিসিবি ক্রিকেটারদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করেন সাকিব-তামিমরা।

সাকিবের নিষেধাজ্ঞা সাকিবের নিষেধাজ্ঞা

বাংলাদেশ ক্রিকেট আরও একবার কেঁপে উঠে অক্টোবরের ৩০ তারিখ, যখন আইসিসি এক বছর স্থগিত নিষেধাজ্ঞাসহ সাকিব আল হাসানকে দুই বছর নিষিদ্ধ করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসি বা বিসিবিকে না জানানো। সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০১৮ সালে চার মাসের মধ্যে তিনবার জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পান সাকিব। কিন্তু কোনোবারই তা কর্তৃপক্ষকে জানাননি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা।

ঐতিহাসিক গোলাপি বলের টেস্টে যাত্রা গোলাপি বলের টেস্টে যাত্রা

বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শেষ হয় ভারত সফর দিয়ে। তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর করে বাংলাদেশ। এরমধ্যে ২২ নভেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন স্টেডিয়ামে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এই টেস্ট দিয়েই গোলাপি বলের টেস্টে যাত্রা শুরু হয় ভারত। নানান আয়োজনে টেস্টের উদ্বোধন করা হয়। সেদিন স্টেডিয়ামে সংবর্ধনা দেয়া হয় বাংলাদেশের অভিষেক টেস্টের সব সদস্যকে। থাকেন ভারতের ক্রিকেটাররাও। মাঠে ঘণ্টা বাজিয়ে টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। ইতিহাসে প্রথমবার ওই ম্যাচে বাংলাদেশ দুইজন কনকাশন সাবস্টিটিউট নামাতে বাধ্য হয়। সিরিজটি মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ২-১ টি-টোয়েন্টি সিরিজ হারের পর ২-০ ব্যবধানে টেস্ট সিরিজেও হার মানে বাংলাদেশ।

এসএ গেমসে সোনালি সাফল্য এসএ গেমসে সোনা

জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় যখন দেশের ক্রিকেট হৃদয় ব্যথিত, ঠিক তখন এসএ গেমসে নারী ও পুরুষ ক্রিকেট দলের সোনালি সাফল্য সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে। নেপালের পোখড়ায় সদ্য সমাপ্ত ১৩তম এসএ গেমেসে স্বর্ণ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ও পুরুষ ক্রিকেট দল।

ওহ্, গেমসে কিন্তু খেলেনি ভারত ও পাকিস্তান!

/আরআই/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম