টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসরে গেছেন। সংক্ষিপ্ত সংস্করণে এখন শুধু টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। গত মার্চে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেই (অক্টোবর-নভেম্বর) বিদায় বলতে চেয়েছিলেন। পরে আবার ঘোষণা দিয়েছেন আরও দুই বছর খেলে যেতে চান । এমনটি বললেও এই বিশ্বকাপের পর বিদায় বলতে আপত্তি নেই তার। তবে শ্রীলঙ্কা দলকে নিয়ে নিজের লক্ষ্য পূরণ হলেই তেমনটি করবেন লঙ্কান ‘টো ক্রাশার’!
আজকে ভারতের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগে মালিঙ্গা অবসর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে, ‘আমি টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছি। এখন শ্রীলঙ্কার যাই প্রয়োজন পড়ুক, তারা যদি এখন বলে আমার যথেষ্ঠ হয়েছে। তাহলে আমি টি-টোয়েন্টি থেকেও অবসর নিতে পারলে খুশি হবো।’
তবে অবসর ভাবনা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা আছে সংক্ষিপ্ত এই সংস্করণে একমাত্র ১০০টি ম্যাচ খেলা বোলারের। আর সেটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে খেলা। সেখানে খেলতে পারলে টি-টোয়েন্টির পর পর যে কোনো সময় বিদায় বলতে কিছু মনে করবেন না তিনি, ‘আমার একমাত্র লক্ষ্যই হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই রাউন্ডে খেলা। যদি শ্রীলঙ্কা সেখানে কোয়ালিফাই করেই ফেলে। এরপর যে কোনো মুহূর্তে আমি অবসর নিতে কিছু মনে করবো না।’
এই সিরিজ নিয়ে শ্রীলঙ্কা অধিনায়ক মালিঙ্গার লক্ষ্য নতুন বছরটা দারুণভাবে শুরু করা, ‘নতুন বছরে আমরা নতুন করে শুরু করতে চাই। টি-টোয়েন্টি একটা অনিশ্চিত খেলা। আমরা নিশ্চিত করে বলতে পারবো না কারা সেরা। এক ওভারেই যে কেউ পরিস্থিতি পাল্টে দিতে পারে। তাই আমি দলের তরুণদের সুযোগ দিতে চাই। ওরা খুব প্রতিভাবান, ওদের দক্ষতা আছে কিন্তু অভিজ্ঞতার অভাব। ছন্দে ফিরতে আমাদের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ।’








