বল টেম্পারিং কাণ্ডের পর আচরণবিধি খুব কঠোরভাবেই মানছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশে ব্যক্তিগতভাবে আক্রমণ করে পার পেলেন না অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। মেলবোর্ন স্টারসের এই ক্রিকেটারকে ৭ হাজার ৫০০ ডলার জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
শনিবার তিনি অস্ট্রেলীয় সতীর্থ কেন রিচার্ডসনকে গালি দিয়ে বসেন। বিগ ব্যাশে অবশ্য দুজন খেলছেন ভিন্ন দলে। রিচার্ডসন খেলছেন মেলবোর্ন রেনেগেডসে।
৫৫ বলে ৬৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন স্টয়নিস। ৮ উইকেটে জেতা ম্যাচটাতেই এমন ঘটনার জন্ম দিয়েছেন তিনি। জানা গেছে, কেন রিচার্ডসনকে সমকামিতা নিয়ে আক্রমণ করেছিলেন তিনি!
ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার জানিয়েছে, স্টয়নিস লেভেল-টু বিধি ভঙ্গ করেছেন। স্টয়নিসের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন আম্পায়ার জেরার্ড অ্যাবুড ও ফিলিপ গিলেস্পি।
স্টয়নিস অবশ্য নিজের কৃতকর্মের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন, ‘আসলে ঘটনার আকস্মিকতায় এমনটি হয়েছে এবং একটু বেশিই করে ফেলেছি আমি। পরে আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি কেন ও আম্পায়ারদের কাছে ক্ষমাও চেয়েছি।’
আনা অভিযোগ স্বীকার করে শাস্তিও মেনে নিয়েছেন তিনি, ‘আমি ভুল করেছি, আমার নিজের কৃতকর্মের সব দায়ও আমার। এখানে নির্দিষ্ট কারণেই মান বজায় রাখা হয়। আমি এই শাস্তি মেনে নিয়েছি।’








