ট্রিপল সেঞ্চুরিতে ১২ বছরের রেকর্ড ভাঙলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৫

ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম। বিশ্বকাপের পর থেকে নিজের ছায়া হয়েই ছিলেন ওপেনার তামিম ইকবাল। সীমিত ওভারের ক্রিকেটে তার নিষ্প্রভ ব্যাটিং নিয়ে চলছিল বিস্তর সমালোচনা। হতাশ তামিম নিজেকে ফিরে পেতে বিশ্রামেও গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফিরেও পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে ধীর গতির ব্যাটিংয়ে সমালোচনামুক্ত থাকতে পারেননি। অবশেষে বিসিএলে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে সব প্রশ্নের জবাব দিলেন ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম। পাকিস্তানে আসন্ন টেস্ট সফরের আগে দারুণ প্রস্তুতি হলো তার। 

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে তামিম খেলতে নেমেছেন ৬ বছর পর। শনিবার ২০৭ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রান (২০৬) ছাড়িয়ে গেছেন। দিনশেষে অপরাজিত ছিলেন ২২২ রানে। রবিবার এই রান নিয়ে ব্যাট করতে নেমে তুলে ফেলেন ট্রিপল সেঞ্চুরি। শুভাগত হোমের বলে মিড উইকেটে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান নিজের প্রথম ত্রিশতকে।

এর আগে ৪৩তম ওভারে শহীদুলের করা পঞ্চম বলটিকে লেগ সাইডে পাঠিয়ে প্রথম একশো করেছেন তামিম। প্রথম সেঞ্চুরিটি করতে খেলেছেন ১২৬ বল। সেঞ্চুরির পর আরেকটু আগ্রাসী হয়ে ওঠেন তিনি। পরের ১০০ রান তুলতে খেলেছেন ১১৬ বল! ৬৯তম ওভারে মধ্যাঞ্চলের শুভাগতর একটি বলে অন ড্রাইভে চার মেরে পৌঁছান ডাবল সেঞ্চুরিতে। দ্বিতীয় দিনশেষে ২২২ রানে অপরাজিত থাকা তামিম তৃতীয় সেঞ্চুরিটি করেন ১৬৫ বলে। সব মিলিয়ে ৪০৭ বলের ইনিংসে ৪০ চার ও ৩ ছয়ে ট্রিপল সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার।

অবশ্য পূর্বাঞ্চলের এই ওপেনারকে খুব বেশি উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায়নি। তবে প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চলের ক্রিকেটাররা তামিমকে অভিনন্দন জানাতে ভোলেননি।

শুধু ট্রিপল সেঞ্চুরিতেই তার ইনিংসটির মর্যাদা সীমাবদ্ধ থাকেনি। ২০০৭ সালে রকিবুলের গড়া সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তামিম। ২০০৭ সালের মার্চ মাসে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল। সিলেট বিভাগের বিপক্ষে বরিশালের হয়ে ৬৬০ মিনিট ক্রিজে থেকে ৬০৯ বলে ইনিংসটি সাজান তিনি। রবিবার শুভর বলে সিঙ্গেল নিয়েই রকিবুলের ৩১৩ রান ছাড়িয়ে যান দেশসেরা ওপেনার। ফলে রাকিবুলের হাতে ১২ বছর ধরে থাকা রেকর্ডটির নতুন মালিক এখন তামিম।

পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হকও অপেক্ষায় ছিলেন এই রেকর্ডের। তামিমের স্কোর যখন ৩৩৪-এ পৌঁছায় তখনই ইনিংস ঘোষণা করে দেন তিনি। ড্রেসিংরুমে ফেরার পথে তামিমকে দেওয়া হয় গার্ড অব অনার। পূর্বাঞ্চলের স্কোর তখন ২ উইকেটে ৫৫৫। ৫৮৫ মিনিট ক্রিজে থেকে তামিম ৪২ চার ও ৩ ছক্কায় সাজিয়েছেন নিজের ৩৩৪ রানের ইনিংসটি।

/আরআই/এফআইআর/পিকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম