ডান কনুইয়ের চোটটা স্বস্তি দিলো না জোফরা আর্চারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক টেস্টের বেশি আর খেলতেই পারেননি। এবার শোনা গেলো, আসন্ন আইপিএল থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না ইংলিশ ফাস্ট বোলার।
আইপিএলে আর্চার খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তার ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কা সফরে রাখা হচ্ছে বদলি একজনকে।ল্যাঙ্কাশায়ারে খেলা সাকিব মাহমুদকে রাখা হয়েছে স্কোয়াডে।
আর্চারের চোটের বিস্তারিত তুলে ইসিবি জানিয়েছে, ‘শ্রীলঙ্কা সফর ও আইপিএল থেকে ছিটকে গেছেন আর্চার। আর্চারের চোট আক্রান্ত স্থানের স্ক্যান হয়েছে গতকাল। সেখানে নিচু মাত্রার স্ট্রেস ফ্র্যাকচার পাওয়া গেছে। এই মুহূর্তে তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।’
জানা গেছে, তিন মাসের জন্য মাঠের বাইরে থাকবেন আর্চার। দীর্ঘদিন তার বাইরে থাকা দলের জন্য বড় দুঃসংবাদই। আশা করা হচ্ছে, জুনে গ্রীষ্মকালীন ক্যাম্পেইনে তিনি ফিরতে পারবেন। তখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আছে ইংল্যান্ডের।








