চীনের প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকে সোনা জয়ের ইতিহাসটা গড়েছেন সান ইয়াং। দেশের হয়ে নেতিবাচক ভাবমূর্তি গড়ার ক্ষেত্রেও তিনি সবার আগে। এবার ডোপ সংশ্লিষ্ট আইন ভাঙার অপরাধে ৮ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন।
সানের ঘটনাটি এতদূর গড়াতো না, যদি না বিশ্ব ডোপবিরোধী সংস্থা(ওয়াডা) আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) বিষয়টি নিয়ে যেত। তার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ছিল।
শুনানিতে জানা গেছে, রক্তের নমুনা সংগ্রহ করতে সানের বাড়ি গিয়েছিলেন তদন্ত সংশ্লিষ্টরা। কিন্তু তার ইন্ধনে সেই নমুনার শিশি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন তারই এক সহযোগী! সিএএসের শুনানিতে অবশ্য সান নিজের সাফাইয়ে বলেছেন, তদন্তকারীরা পরিচয় দিতে রাজি না হওয়াতেই বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। এর পরেই ঘটনাটি ঘটেছে।
ডোপ পাপে সান যে এবারই জড়িয়েছেন এমন নয়। ২০১৪ সালে নিষিদ্ধ ওষুধ সেবন করে নিষিদ্ধ ছিলেন তিন মাস। সর্বশেষ ঘটনায় সাঁতারের আন্তর্জাতিক সংগঠন ফিনা অবশ্য তাকে নির্দোষ ঘোষণা করেছিল। তখনকার ওই সিদ্ধান্তটি অপ্রত্যাশিত হিসেবেই এসেছে ক্রীড়াঙ্গনে। পরে ফিনার রায়ের বিরুদ্ধে ওয়াডা আপিল করে সিএএসে।
এই নিষেধাজ্ঞা সান ইয়াংয়ের ক্যারিয়ার কার্যত শেষ করে দিলেও তিনি আশা ছাড়েননি। রায়কে সঠিক বলে মনে করছেন না চীনা সাঁতারু, ‘এটা অন্যায়। আমি যে নির্দোষ, সেটি নিয়ে আসি পূর্ণ আস্থাশীল। আমি অবশ্যই আপিল করবো যাতে সবাই সত্যটা জানতে পারে।’
নিষিদ্ধ হওয়ায় অলিম্পিকের ২০০ মিটার ফ্রিস্টাইলের বর্তমান চ্যাম্পিয়ন সান ইয়াং টোকিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না। ২০১২ সালে ৪০০ মিটার ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে দুটি সোনা জেতেন তিনি। এরপর ২০১৬ রিও অলিম্পিকের ২০০ মিটারেও সোনালি হাসি হাসেন।
এই সোনাভাগ্যের সঙ্গে বিতর্কও সমান্তরালে হেঁটেছে সানের সঙ্গে। গত বছরে দক্ষিণ কোরিয়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অপ্রীতিকর এক ঘটনায় জড়িয়েছিলেন। ২০০ মিটার ফ্রিস্টাইল জয়ের পর রানারআপ ব্রাইটন অ্যাডাম পিটি তার সঙ্গে করমর্দন করতে চাননি। সানের নিজেরই এর পেছনে উসকানি ছিল। জয়ের পর মঞ্চে এসে প্রতিপক্ষকে বলে বসেন, ‘তুমি লুজার, আমি উইনার।’
২০১৬ রিও অলিম্পিকেও সমালোচিত হয়েছেন। অস্ট্রেলিয়ান সাঁতারু ম্যাক হরটন ডোপপাপী বলেছিলেন। পরে এই সাঁতারুই গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ফ্রিস্টাইলে হারেন সানের কাছে। হেরে যাওয়ার পর তার সঙ্গে করমর্দন তো দূরের কথা, মঞ্চে উঠতেও হরটন রাজি ছিলেন না!







