এখন মাইক্রোফোন হাতে জলদগম্ভীর কণ্ঠে যখন কথা বলে ওঠেন, শ্রোতারা সেদিকে আগ্রহী না হয়ে পারে না। যখন বল হাতে ২২ গজে আগুন ঝরাতেন মাইকেল হোল্ডিং, প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ পুড়ে ছারখার হতো। প্রতিপক্ষ দলের সমর্থকেরাও বিস্ময়ে বিমূঢ় হয়ে কুর্নিশই করতো এই ক্যারিবীয় ফাস্ট বোলারকে। তার সময়ে অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নার ও ম্যালকম মার্শালকে নিয়ে গড়ে তুলেছিলে ওয়েস্ট ইন্ডিজের সেই ভয়ঙ্কর ‘পেস কোয়ার্টেট’। ক্রিকেট ওরকম পেস বোলিং ইউনিট আর কখনও দেখেনি।
ওয়েস্ট ইন্ডিজ দলে উইকেট তো চারজনের মধ্যে ভাগ হয়ে যেতো। সেজন্যই উইকেট শিকার খুব বেশি নয় হোল্ডিংয়ের। ৬০ টেস্টে ২৪৯ উইকেট আর ১০২টি ওয়ানডেতে ১৪২। সম্প্রতি এক ক্রিকেট আলোচনায় দুই প্রজেন্মের সেরা চারজন ফাস্ট বোলার বেছে নিয়েছেন হোল্ডিং। এদের দুজনই তার ওয়েস্ট ইন্ডিজ সতীর্থ ম্যালকম মার্শাল ও অ্যান্ডি রবার্টস, তৃতীয়জন অস্ট্রেলিয়ান ডেনিস লিলি এবং চতুর্থজন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, এখনও যাকে বর্ণনা করতে অতীতকাল ব্যবহার করতে হয় না। স্কাই স্পোর্টসের পডকাস্টে জ্যামাইকার কিংবদন্তি ফাস্ট বোলার স্বনির্বাচিত চার ফাস্ট বোলারকে নিয়ে কথা বলেছেন আলাদা করে।
ডেনিস লিলি ( ৭০ টেস্টে ৩৫৫ উইকেট, ৬৩ ওয়ানডেতে ১০৩ উইকেট):
লিলির সবকিছু ছিল- আগ্রাসন, পেস ও ছন্দ। তিনি যখন শুরুটা করেছিলেন চূড়ান্ত রকমের দ্রুতগতির ছিলেন। কিন্তু পিঠে চোট পাওয়ার পর তাকে নতুন করে সমন্বয় করে নিতে হয় সবকিছুর সঙ্গে। কোনও একজনকে এভাবে গতি ও আগ্রাসনের সঙ্গে আপস করেও এগিয়ে যেতে দেখবেন, তাকে খুব উঁচুস্তরে না বসিয়ে পারবেন না।
ম্যালকম মার্শাল (৮১ টেস্টে ৩৭৬ উইকেট, ১৩৬ ওয়ানডেতে ১৫৭ উইকেট): দুর্দান্ত ছন্দে শুরু করেছিলে ম্যালকম (মার্শাল), কিন্তু সময়ের সাথে সাথে ফাস্ট বোলিংটাকে দারুণভাবে রপ্ত করে নেয়। সে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের খুব দ্রুত ও খুব সহজেই পড়ে ফেলতো। তখন কিন্তু কম্পিউটার ছিল না, এত ভিডিও টেপ ছিল না। সে কিন্তু নিজের মাথা খাটিয়েই ঠিক করতো কীভাবে ব্যাটসম্যানদের সামলাবে।
অ্যান্ডি রবার্টস (৪৭ টেস্টে ২০২ উইকেট, ৫৬ ওয়ানডেতে ৮৭ উইকেট): অ্যান্ডি (রবার্টস) এমন একজন যার কাছ থেকে আমি অনেক শিখেছি। সে খুবই কম কথা বলতো। সবসময় মুখ গোমড়া করে ঘুরে বেড়াতো, এ কারণে লোকে তাকে মনে করতো সে ভয়ঙ্কর এবং আগ্রাসী এক মানুষ। আসলে সে তা নয়। আমার ক্যারিয়ারে বেশিরভাগ সময়েই সে ছিল আমার রুমমেট। প্রায় প্রতি রাতেই তার সঙ্গে আমার ক্রিকেট নিয়েই কথা হতো। বিশ্বাস করা যায় না যে লোকটা সত্যিই কত জানে!
ডেল স্টেইন (৯৩ টেস্টে ৪৩৯ উইকেট, ১২৫ ওয়ানডেতে ১৯৬ উইকেট): যে তিনজনের কথা বললাম, তাদের সঙ্গে আমার খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু শুধু দেখেই ডেল স্টেইনকে আপনি ফ্রেমের বাইরে রাখতে পারবেন না। একটা যুগের অন্যতম সেরা ফাস্ট বোলার সে। পয়সা খরচ করে তার বোলিং আপনি দেখতে চাইবেন।








