করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটেও। সঙ্কট সামলাতে ৩০ জুন পর্যন্ত বেশির ভাগ কর্মচারীকে সাময়িকভাবে চাকরিচ্যুত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আবার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকও। এই অচলাবস্থায় টুর্নামেন্ট হওয়া নিয়ে সংশয় থাকলেও আয়োজক দেশটি কিন্তু হাল ছেড়ে দিচ্ছে না।
ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও আশা করছে, যথা সময়েই মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। ইভেন্টটি মাঠে গড়ানোর কথা আগামী অক্টোবর-নভেম্বরে। দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও টুর্নামেন্টটি মাঠে গড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী অজি ক্রিকেট বোর্ড, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিবাচক। যেটি দিয়ে অস্ট্রেলিয়ার ২০২০-২০২১ গ্রীষ্মকালীন সূচি শুরু হবে। সামাজিক দূরত্বের বিষয়টি তখনও যদি থাকে, তাহলে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও টুর্নামেন্ট এগিয়ে নিতে হবে। প্রয়োজনে ভিড় নিয়ন্ত্রণে গাইডলাইন মেনে হলেও।’
অবশ্য তার আগেই আর্থিক সঙ্কট সামলাতে হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ফুটবল লিগ ও ন্যাশনাল রাগবি লিগের নীতি অনুসরণ করেছে অজি ক্রিকেট বোর্ড। সংশ্লিষ্ট সংস্থাগুলি ৩০ জুন পর্যন্ত স্টাফদের সাময়িকভাবে চাকরিচ্যুত রাখার ঘোষণা দিয়েছে।
এখন সব খেলা বন্ধ থাকায় আয়ের পথও বন্ধ বোর্ডের। সিএ জানিয়েছে, অস্ট্রেলিয়ার অর্থ বছর শুরু হয় ১ জুলাই, শেষ হয় ৩০ জুন। আর্থিক বোঝা কমাতেই এই সময়ের জন্য বেশির ভাগ স্টাফদের চাকরি ছাড়া রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটি কার্যকর হবে ২৭ এপ্রিল থেকে।








