করোনাকালে অনির্দিষ্টকালের জন্য স্থগিতই হয়ে গেছে এবারের আইপিএল। অবশ্য এমন ঘোষণার মাঝে নতুন একটি সংবাদ নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। সেটি হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলে, এই আইপিএলের আয়োজক হতে চায় শ্রীলঙ্কা! তবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এমন স্বপ্ন আসলেই স্বপ্নই থেকে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানিয়ে দিয়েছে, এখন কোনওভাবেই সেটি সম্ভব নয়।
বাস্তব দিক বিবেচনায় নিয়েই এমন কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা। যেখানে দেশে দেশে লকডাউন চলছে, সেখানে কীভাবে এমন কিছু নিয়ে আলোচনা সম্ভব? পিটিআইকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ঊর্ধ্বতন সেই কর্মকর্তা বলেছেন, ‘যেখানে পুরো বিশ্বই স্থবির হয়ে আছে, সেখানে এ বিষয়ে কিছু বলার মতো অবস্থাতে বিসিসিআই নেই।’
বিসিসিআইয়ের সেই কর্তা আরও বলেছেন, ‘যেহেতু কোনো প্রস্তাবই আমরা পাইনি, তাই বিষয়টি আলোচনারও প্রশ্ন আসে না।’
আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ, শেষ হওয়ার কথা ২৪ মে। দুই দফা ভারতে লকডাউনের মেয়াদ বাড়ায় এবার অনির্দিষ্টকালের জন্যই তা স্থগিত করে দিয়েছে বিসিসিআই। এই স্থগিত ঘোষণার পরেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি সুমাথি পালা বলে বসেন, আইপিএল আয়োজন করতে পারবেন তারা। এর পেছনে তিনি যুক্তি দেখান যে, করোনার প্রভাব শ্রীলঙ্কায় খুব বেশি পড়েনি, তাই ভারতের তুলনায় আগেভাগেই স্বাভাবিক অবস্থাতে ফিরতে পারবে দ্বীপ দেশটি!
শ্রীলঙ্কায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০০জন। সেখানে ভারতে আক্রান্ত ১৩ হাজারের মতো, আর মৃতের সংখ্যাও ছাড়িয়েছে ৪০০।








