১
৮ এপ্রিল। এক যুগ আগের এই তারিখটিতে ‘জন্ম’ হয়েছিল ক্রিকেটারদের জন্য এক টাকার খনি যেটিকে বলা হয় আইপিএল, যার পোশাকি নাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারতের বেঙ্গালুরুতে অসাধারণ এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ধরায় অবতীর্ণ হয়েছিল সারা বিশ্বের পেশাদার ক্রিকেটার ক্রিকেটারদের কাছে পরম কাঙ্ক্ষিত ২০ ওভারের এক ক্রিকেট লিগ। অবিস্মরণীয উদ্বোধনী অনুষ্ঠানের সমান্তরালে উদ্বোধনী ম্যাচেই ১৩ ছক্কা আর ১০ চারে ৭৭ বলে অপরাজিত ১৫৮ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলেছিলেন কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাককালাম।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ওপেনার ম্যাককালামের ব্যাটে সেই রাতে আসলে খুন হয়েছিলেন স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বেঙ্গালুরুর বোলাররা। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন কেকেআরের ২২২ রানের জবাব দিতে নেমে আরসিবির হয়েছিল ব্যাটিং বিপর্যয়। মাত্র ৮২ রানে অলআউট হয়ে রাহুল দ্রাবিড়ের দল হেরেছিল ১৪০ রানে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে যা এখন পর্যন্ত চতুর্থ বৃহত্তম জয় কিংবা পরাজয়।
২০১৩ আইপিএলে এই আরসিবির হয়েই ক্রিস গেইলের ৬৬ বলে করা অপরাজিত ১৭৫ রানের ইনিংসটির আগে ওটাই ছিল সর্বোচ্চ ইনিংস। সেই রাতে জয়ের পর অজস্র প্রতিক্রিয়ার খুঁটিনাটি মনে আছে ম্যাককালামের। কিন্তু কেকেআরের নতুন মৌসুমের প্রধান কোচ বিশেষভাবে স্মরণ করেন শুধু অধিনায়ক সৌরভের সেই কথা, ‘আজ থেকে তোমার জীবন বদলে গেল!’
করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যে ১৩তম আইপিএল এ বছর মাঠে না গড়ানোর আশঙ্কাই দিন দিন বড় হয়ে উঠছে। তবে এর মধ্যেও কেকেআর নিজস্ব ওয়েবসাইটের ‘নাইটস আনপ্লাগডে’ কেকেআরের ‘নাইটরা’ সাক্ষাৎকার দিচ্ছেন। আইপিএলের ১২ বছর পূর্তি উপলক্ষে ম্যাককালাম যেমন দিলেন।
‘জীবন বদলে গেল’-কথাটা পুরোপুরি তখন ধরতে পারেননি নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট, ২৬০ ওয়ানডে ও ৭১ টি-টোয়েন্টি খেলা সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু পরে শতভাগ বুঝতে পেরেছেন যখন দেখেন কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস তাকে বলে গেছেন, ‘তুমি সবসময়ই নাইট রাইডার্সের সঙ্গে থাকবে।’ পরে অবশ্য কেকেআর ম্যাককালামকে ছেড়ে দিয়েছে। কিন্তু তাকে প্রথম মৌসুমে খেলার সুযোগ দেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির প্রতি কৃতজ্ঞ তিনি সবসময়ই সম্পর্কটা নষ্ট হয়নি। ১৩তম আইপিএলে কেকেআর তাকে কোচ করার পর ম্যাককালামের আবার মনে পড়েছে শাহরুখকে, ‘তুমি সবসময়ই কেকেআরের সঙ্গে যুক্ত থাকবে।’
৩৮ বছর বয়সী নিউজিল্যান্ডার সৌরভের সেই কথাগুলোকে নিজের জীবনে অক্ষরে অক্ষরে ফলে যেতে দেখেছেন ২০০৮ সালের ১৮ এপ্রিলের রাতের পরে, ‘ এটা (অপরাজিত ১৫৮) আমার পারিবারিক জীবনকেই চিরদিনের জন্য বদলে দিয়েছে। আমার মনে ওটাই আমার আশীর্বাদ যা আমাকে নত হতে শিখিয়েছে, যা আমার ভাগ্য বদলে দিয়েছে। ওই রাতে আমি যা করেছিলাম, আমি জানতামই না আমার পক্ষে তা করা সম্ভব। ওটা ছিল এক পরাবাস্তব মুহূর্ত।’
গোটা ক্রিকেট ক্যারিয়ারেই ম্যাককালাম স্নায়ুকাতর খুব বেশি হননি, তবে ওই রাতে একটু নার্ভাসই ছিলেন। আর ভাবতে পারেননি আইপিএল এমন বিশাল হয়ে উঠবে একদিন!








