শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি দুই মূল স্ট্রাইক বোলার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিকে। স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান হেনরি নিকোলস।
এ সম্পর্কে নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেছেন, ‘নিকোলস দুর্দান্ত একজন খেলোয়াড়। এমন একজন খেলোয়াড়কে যত দ্রুত সম্ভব জাতীয় দলে অন্তর্ভূক্ত করা যায় ততই দলের জন্য ভালো। ইতোমধ্যেই ‘এ দলের হয়ে সে নিজেকে প্রমাণ করেছে।’
দুই মাস আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে কিউই ‘এ’ দলের হয়ে ২১০ রানের ইনিংস খেলেছিলেন নিকোলস। এরপর থেকেই তাকে দলে নিতে চেয়েছিলেন নির্বাচকরা।
এদিকে ব্যস্ত টেস্ট সূচির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টকে। অন্যদিকে লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই টেস্টে বোলিং আক্রমণে থাকা বোল্টের সতীর্থ টিম সাউদিকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
ওয়ানডে স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, মিচেল ম্যাক্লিনাঘান, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইস সোধি, রস টেইলর, কেন উইলিয়ামসন, জর্জ ওয়ার্কার। তৃতীয় ওয়ানডেতে এই স্কোয়াডে ম্যাট হেনরির জায়গায় ঢুকবেন সাউদি।
/এফআইআর/








