করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে জনজীবন। আর এই পরিস্থিতি-ই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে মাঠের খেলার চেয়ে কতটা গুরুত্বপূর্ণ বাস্তব জীবন। নিজের ফেসবুক পেজে এভাবেই বাস্তবতা তুলে ধরলেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন করোনা পরিস্থিতি নিয়ে খুব সরব বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্ট্যাটাসে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত তারকা পেসার বরাবরের মতো কোভিড-১৯ থেকে বাঁচার উপায়ের ওপর গুরুত্ব দিয়েছেন। তারকা ক্রীড়াবিদদের নাম ব্যবহার করে পরিস্থিতিটাকে উপস্থাপন করলেন প্রতীকীভাবে, ‘মেসি, রোনালদো, বেল, বিরাট, রুট, উইলিয়ামসন, ফেদেরার, নাদাল, জোকোভিচ… এটি শুধু একটি খেলাই। কোভিড-১৯ এখন জীবনের আসল খেলা। আল্লাহ সবাইকে রক্ষা করুন।’
বর্তমানে করোনাভাইরাস কতটা নেতিবাচক প্রভাব ফেলেছে, সেই বিষয়টিও উঠে এসেছে তার লেখায়, ‘আশা করি, তারকারা আবার পুরো প্রাণশক্তিতে মাঠে ফিরবে এবং সবাই তাদের স্কিল দেখবে ও উপভোগ করবে। আর এটিও অনুভব করবে, কখনও কখনও খেলার চেয়েও বেশি কিছু আছে। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’
মাশরাফি এবং তার ফাউন্ডেশন করোনা মোকাবিলায় শুরু থেকেই কাজ করে আসছেন। গত ১০ এপ্রিল মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নড়াইলের সদর হাসপাতাল গেটে স্থাপন করেছে ডিসইনফেক্টর চেম্বার বা জীবাণুনাশক কক্ষ। এরই ধারাবাহিকতায় নিজ এলাকা নড়াইলের মানুষদের সাহায্য করতে ‘ডক্টর্স সেফটি চেম্বার’ বা ডাক্তারদের সুরক্ষিত কক্ষ বানিয়ে দিয়েছেন। এর আগে করোনা ভাইরাস ছাড়া অন্যান্য রোগে আক্রান্তরা যেন সঠিক চিকিৎসা পায়, সে জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাও চালু করেন মাশরাফি। এছাড়া নিজ এলাকায় ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। চিকিৎসক ও নার্সদের দিয়েছেন ৫০০টি সুরক্ষা পোশাক (পিপিই)। একদম শুরুতে ক্রিকেটারদের গড়া তহবিলে নিজ বেতন থেকে দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা।








