ইংল্যান্ড বিশ্বকাপে কণ্ঠের মায়াবি জাল ছড়িয়ে দর্শকদের টিভি সেটের সামনে আটকে রেখেছিলেন তিনি। সাবেক নিউজিল্যান্ড উইকেটকিপার এই ব্যাটসম্যানের নামটি খুবই পরিচিত- ইয়ান স্মিথ। সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচটির টান টান মুহূর্ত এখনও জীবন্ত মনে হয় তার ধারাভাষ্যে। ক্রিকেটে অসামান্য অবদান রাখায় অভিজ্ঞ এই ধারাভাষ্যকারকে ২০১৯-২০ মৌসুমে বার্ট সাটক্লিফ সম্মাননায় ভূষিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
একই সম্মাননা আরও যারা পেয়েছেন এরা হলেন- ওয়াল্টার হ্যাডলি, মার্ভ ওয়ালেস, জন রিড, গ্রাহার ডাউলিং, রিচার্ড হ্যাডলি ও এওয়েন চ্যাটফিল্ড।
ক্রিকেটে নিউজিল্যান্ডের টেলিভিশনে সবচেয়ে পরিচিত মুখ স্মিথ এই সম্মাননাকে উৎসর্গ করেছেন স্ত্রী লুইসকে। সম্মাননা পেয়ে আবেগ আপ্লুত স্মিথ বলেছেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ। যারা এরই মধ্যে এই সম্মাননা পেয়েছেন, সেই তালিকায় নিজেকে পেয়ে আমি আরও আপ্লুত হয়ে যাচ্ছি।’
১৯৮০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিস্তৃত ক্যারিয়ারে ৬৩টি টেস্ট ও ৯৮টি ওয়ানডে খেলেছেন স্মিথ। এর মধ্যে ছিল ১৩৬ বলে করা ১৭৩ রানের দৃষ্টিনন্দন লড়াকু এক ইনিংস। অকল্যান্ড টেস্টে এই ইনিংস খেলেই ভারতের বিপক্ষে ১৩১ রানে ৭ উইকেট হারানো কিউইদের উদ্ধার করেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে রয়েছে ৭টি ক্যাচের দৃষ্টান্ত। অবসরের পর প্রায় দুই দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন ক্রিকেট ধারাভাষ্যে। যার মাঝে দেশের মাটিতেই ধারাভাষ্য দিয়েছেন ১১২টি টেস্টে।
করোনার কারণে এবার সেভাবে আনুষ্ঠানিকতায় যায়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ভার্চুয়াল পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমেই সব কিছু করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনের সম্মননা ঘোষণা করা হবে বৃহস্পতিবার ও শুক্রবার।








