সন্তানকে ক্রিকেটার বানানোর মিশনে মায়ের অবদান কম নয়। পরম মমতায় মায়েরা সন্তানদের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন। মায়েদের সেই ভূমিকা অনেক ক্ষেত্রেই আড়ালে থেকে যায়। মা দিবসে সেসব রত্নগর্ভা মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রত্নগর্ভা মায়েদের ছবিসহ ভিডিও দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ক্রিকেটারদের সংগঠনটি। পোস্টে কোয়াব লিখেছে, ‘বৈশ্বিক মঞ্চে দেশের জন্য অনন্য সম্মান নিয়ে আসা ক্রিকেটারদের রত্নগর্ভা মায়েদের প্রতি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর পক্ষ থেকে মা দিবসের শ্রদ্ধাঞ্জলি।’
ভিডিওতে বর্তমান প্রজন্মের সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের থেকে শুরু করে রকিবুল হাসান, মিনহাজুল আবেদীন, আকরাম খান, নাঈমুর রহমান, খালেদ মাহমুদ, হাবিবুল বাশার, রাজিন সালেহসহ সাবেক অনেক ক্রিকেটারের মায়েদের কোয়াব শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।








