বিপিএল-এর তৃতীয় আসরের পাওনা নিয়ে কিছুদিন আগেই অভিযোগের আঙুল তুলেছিলেন শহীদ আফ্রিদি। বলেছিলেন অনেকেই পাওনা বুঝে পাননি ঠিকমতো। তবে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অলরাউন্ডার ড্যারেন স্টিভেন্স জানালেন নির্ধারিত সময়ের আগেই নিজের পাওনা বুঝে পেয়েছেন তিনি।
কুমিল্লার এমন উদ্যোগের প্রশংসা করে ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘কুমিল্লার ম্যানেজমেন্টে যারা আছেন তারা খুবই পেশাদার। তারা সবার দিকেই নজর রেখেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সময়ের আগেই পাওনাটা দিয়ে দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী পাওনার সর্বশেষ ২৫ ভাগ টুর্নামেন্ট শেষ হওয়ার পরই দেওয়া কথা ছিল। কিন্তু তারা এর আগেই আমাদের সেগুলো দিয়ে দিয়েছে। ’
স্টিভেন্স মনে করেন এরফলে ভবিষ্যতে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা আরও বাড়াবে। বলতে গেলে প্রথম দুই আসরে পাওনা নিয়ে অনিয়ম থাকায় আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফাইকা বিপিএলে ক্রিকেটারদের অংশগ্রহণে আগেই সতর্ক করে দিয়েছিল। তবে এবারের ঘটনায় আগের ত্রুটিগুলোতে কিছুটা হলেও পর্দা ফেলবে বলে মনে করেন ইংলিশ এই ক্রিকেটার।
এ নিয়ে স্টিভেন্স আরও বলেন, ‘বিষয়টি আসলেই আনন্দের। আর যতদূর জানি আমাদের দলের সবাই পাওনা বুঝে পেয়েছে। আর ক্রিকেটারদের জন্য বিষয়টি বোনাস হিসেবেই কাজ করবে। কারণ যারা ভবিষ্যতে বিপিএল-এ অংশ নেবে বিষয়টি তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।’
এদিকে পাওনা বুঝে পাওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী অ্যাঙ্গাস পর্টার। তিনি বলেছেন, ‘যদি স্টিভেন্সের অভিজ্ঞতা সেরকমই তাহলে আসলেই বিষয়টি স্বাগত জানানোর মতো খবর।’
/এফআইআর/








