আগামী মাসেই ক্রিকেট ফিরতে যাচ্ছে জিম্বাবুয়ের। তবে করোনার প্রকোপ থাকায় কঠোর স্বাস্থ্যবিধি মানতেই হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে। অনুশীলন শুরুর আগে স্থানীয় সব খেলোয়াড় ও স্টাফদের করানো হচ্ছে করোনা টেস্ট।
জিম্বাবুয়ের অনুশীলন শুরু হবে আগামী সোমবার থেকে। এই পরিস্থিতিতে সবাই সুস্থ আছেন কিনা, তা জানতেই খেলোয়াড় ও বাকিদের মিলিয়ে প্রায় ৪০ জনের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে দেশটির বোর্ড। সব প্রক্রিয়া সম্পন্ন হবে এই সপ্তাহেই।
আপাতত ক্রিকেট বন্ধ থাকলেও জিম্বাবুয়ের সামনে রয়েছে ব্যস্ত সূচি। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে জুলাই ও আগস্টে ঘরের মাঠে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা তাদের। সফর করার কথা অস্ট্রেলিয়াতেও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও আশাবাদী সিরিজগুলো নিয়ে। তবে প্রয়োজন রয়েছে সরকারি অনুমোদন। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘সরকারের অনুমোদন সাপেক্ষে আফগানিস্তান ও ভারতকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। জুলাই ও আগস্টের এই হোম সিরিজটি হবে সীমিত ওভারের।’
এরই মধ্যে ৩৩ জনের একটি প্রাথমিক দল প্রস্তুত করেছে জিম্বাবুয়ের নির্বাচক প্যানেল। এই প্যানেলের সবারই অনুশীলন শুরুর কথা সোমবার থেকে।
অবশ্য কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুশীলনে করবে ক্রিকেটাররা। আট থেকে নয় জনের ছোট গ্রুপে ভাগ হয়ে কাজ করবে। শুরুতে অনুশীলন চলবে স্থানীয়ভাবে। তাতে মূল লক্ষ্যই থাকবে স্ট্রেন্থ ও কন্ডিশনিং সেশনের দিকে। প্রথম তিন সপ্তাহ চলবে এই অনুশীলন। তার পর নজর দেওয়া হবে স্কিল অনুশীলনে।








