ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ আব্দুল মজিদ। রবিবার সকালেই তিনি হারিয়েছেন বাবা আব্দুল ওয়াদুদকে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮০ বছর বয়সী আব্দুল ওয়াদুদ চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন ধরে।
মজিদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ ছিলেন। কয়েক বছর আগে ব্রেইন স্ট্রোক করলেও দুই বছর আগে হার্ট অ্যাটাকও করেছিলেন। নিয়মিত চিকিৎসা নিয়েই এতদিন বেঁচে ছিলেন। তবে রবিবার সকালে হুট করে বাবার শারীরিক অবস্থার অবনতি হয়ে যায়। এরপর ভোরে তিনি মারা যান।’
তিনি আরও জানিয়েছেন, বাদ আসর ময়মনসিংহের একটি কবরস্থানে তার বাবাকে সমাহিত করা হবে।
বেশ কয়েকবার জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি আব্দুল মজিদের। তবে বেশ কয়েকবারই বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স ইউনিটে জায়গা করে নিয়েছেন। বিপিএলে খেলেছেন খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্সের হয়ে।








