করোনা পরিস্থিতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রিকেটারদের শারীরিক অবস্থার তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যাপ অনুযায়ী ক্রিকেটারদের লাল এবং সবুজ এই দুই গ্রুপে ভাগ হওয়ার কথা। অ্যাপ তথ্য ইনপুট করার পর আমিনুল ইসলাম বিপ্লব ও সাইফউদ্দিন রেড জোনে পড়েছেন।
‘এজ ১০’ নামের মোবাইল অ্যাপটিতে লগইন করে বেশ কয়েকটি লিখিত প্রশ্নের উত্তর দিতে হয় খেলোয়াড়দের। উত্তর নেতিবাচক এলে স্বয়ংক্রিয়ভাবে রেড জোনে চলে যান ক্রিকেটাররা। বিপ্লব মূলত সাইনোসাইটিসের পুরনো সমস্যায় ভুগছেন। সমস্যা থেকে মুক্তি পেতে এন্ডোনেজাল এন্ডোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে লেগস্পিনিং এই অলরাউন্ডারের। গত বুধবার নাকের সমস্যা নিয়ে অ্যাপোলো হাসপাতালে যান বিপ্লব। আপাতত ১৫ দিনের ওষুধ দিলেও অস্ত্রোপচার করাতে হবে বলে মনে করেন বিসিবির চিকিৎসক। বিপ্লবের সাইনাসের সমস্যা যে প্রবল হয়ে উঠেছে সেটা বিসিবি জানতে পারে অ্যাপের মাধ্যমে। ওষুধে সেরে না উঠলে বিপ্লবকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘চিকিৎসকেরা দুই সপ্তাহের ঔষধ দিয়েছেন। তবে আমি মনে করি সার্জারি করিয়ে ফেলাই ভালো। এখন যেহেতু খেলা নেই, সার্জারির উপযুক্ত সময় এটাই।’
বিপ্লবের মতো রেডজোনে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। এই ক্রিকেটারের সমস্যা, তার গায়ে জ্বর রয়েছে, পাশাপাশি খাবারে স্বাদ পাচ্ছেন না তিনি। এই দুই ক্রিকেটার ছাড়া বাকি সব ক্রিকেটার গ্রিন জোনে আছেন। বিসিবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফর্মেশন বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু জানালেন, ‘এখন পর্যন্ত এ দুজনই রেড জোনে আছেন। খেলোয়াড়েরা মোবাইলে ঢুকে ১৮টি প্রশ্নের উত্তর দেবে এবং সেটি আমাদের কেন্দ্রীয় সার্ভারে চলে আসবে। আমি ছাড়াও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান ও মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরীর কাছে তথ্য চলে যাবে।’








