‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন ইস্যুতে এবার ফাফ দু প্লেসিকে পাশে পেলেন লুঙ্গি এনগিদি। যিনি এই আন্দোলনে সমর্থন জানিয়ে সাবেক সাদা প্রোটিয়া ক্রিকেটারদের তোপের মুখে পড়েছিলেন। বর্ণবাদ ইস্যুতে সাবেক প্রোটিয়া অধিনায়কের বক্তব্যের মূল সুরটা এমন, ‘কোনও জীবনেরই মূল্য নেই, যতক্ষণ না কালোদের জীবনের মূল্য দিচ্ছি।’
লুঙ্গি এনগিদি তোপের মুখে পড়ার পর থেকেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এর সমর্থনে এগিয়ে আসতে দেখা যাচ্ছে বর্তমান অনেক ক্রিকেটারকে। তবে সাদা ক্রিকেটারদের সম্প্রদায় থেকে প্রথম সোচ্চার হওয়াদের তালিকায় যোগ দিলেন ফাফ দু প্লেসি। এ জন্য বেছে নিয়েছেন ইন্সটাগ্রামকে। লুঙ্গি এনগিদিকে জড়িয়ে ধরার একটি ছবি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গত কয়েক মাসে বিষয়টা অনুধাবনের চেষ্টা করেছি, নিজেদের লড়াইয়ের পথটা নিজেদেরই বেছে নিতে হবে। আমাদের দেশে এখন অনেক অবিচারই হচ্ছে। যেসব বিষয়ের দিকে জরুরি ভিত্তিতে মনোযোগ ও সেসবের সমাধান প্রয়োজন। আমরা যদি কারো ব্যক্তিগত আক্রমণের অপেক্ষাতেই থাকি, তাহলে বিষয়টা এমন দাঁড়ালো- তোমার পথ বনাম আমার পথ। এমন পথের দিকে ধাবিত হলে আমরা কোথাও অগ্রসর হতে পারবো না।’
বিশাল সেই বিবৃতিতে আরও অনেক কথাই বলেছেন দু প্লেসি। যার মূল ভাষ্যটা ছিল এখানে, ‘আমি আসলে বলতে চাইছি, কোনও জীবনেরই মূল্য নেই, যতক্ষণ না কালোদের জীবনের মূল্য দেওয়া হচ্ছে। আমি এখন এসব বলছি কারণ, যদি আমি নিখুঁত হওয়ার জন্য অপেক্ষাই করি। তাহলে কখনোই সেটা হতে পারবো না। আমি আসলে সহানুভূতির উত্তরাধিকার রেখে যেতে চাই। পরিবর্তন আনতে কাজ করে যাওয়া উচিত এবং এটা মানি আর না মানি, আলাপ-আলোচনাই পরিবর্তনের মূল বাহন।’








