গত সপ্তাহে ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উদ্যোগ নিয়েছে আইসিসির টেস্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দলটি। দুই পক্ষ থেকেই প্রস্তাব করা হয়েছে অস্ট্রেলিয়ার এই ‘জীবানু সুরক্ষিত’ সফরে তিনটি করে টি-২০ ও ওয়ানডে ম্যাচ থাকবে। তবে সূচি এখনও চূড়ান্ত হয়নি।
অবশ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী সবকিছুই প্রায় চূড়ান্ত, ঘোষণাই শুধু বাকি। সফরের শুরুতেই টি-২০ ম্যাচ, যা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ৪, ৬ ও ৮ তারিখে। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ১০,১২ এবং ১৫ সেপ্টেম্বর। অজিরা ভাড়া করা বিমানে পাড়ি দেবে ইংল্যান্ড। ভেন্যু তো ঠিক হয়েই আছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান সিরিজ এবং এটি শেষ হওয়ার পর ইংল্যান্ড পাকিস্তানের সঙ্গে যেখানে খেলবে সেই সাউদাম্পটন ও ম্যানচেস্টার।
করোনাভাইরাস মহামারির এই আপৎকালীন সময়ে ভেন্যুর সঙ্গে হোটেল বা আবাসন ব্যবস্থা থাকাটা জরুরি। ইংল্যান্ডে এই দুটি ভেন্যুর সেই সুবিধা আছে। এটা কাজে লাগিয়েই ‘বায়ো বাবল’ তৈরি করে ক্রিকেটারদের অনুশীলন চলে। আইসোলেশনের জন্যও তা জরুরি। সেভাবেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গত ৮ জুলাই প্রথম টেস্ট খেলতে নেমে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় দল প্রধান বেন অলিভার জানিয়ে দিয়েছেন এই সফরটা নির্ধারিত হবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কীভাবে যুক্তরাজ্যে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে খেলে ফিরে আসতে পারে সেটির ওপর। ‘খেলোয়াড়, অন্য স্টাফ এবং জনস্বাস্থ্য ও নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। কোয়ারেন্টিন ব্যবস্থাপনার বিষয়টি এখনও ঠিক হয়নি, আর সেটা নিয়েই এখন আমরা কাজ করছি’-বলেছেন অলিভার।








