করোনা নামক মহামারির সংক্রমণের শুরু চীনে। দেশটিতে করোনার কারণে আর শুরুই করা যায়নি চাইনিজ সুপার লিগ। ৫ মাস পর অবশেষে কড়া স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার শুরু হতে যাচ্ছে বিলম্বিত মৌসুম।
অবশ্য এর আগে করোনা পরীক্ষা করানো হয়েছে খেলোয়াড়দের। আক্রান্ত পাওয়া যায়নি কাউকে। খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ১ হাজার ৮৭০ জনের করোনা পরীক্ষা হয়েছিল। সংক্রমণ রোধে আবার তাদের রাখা হয়েছে জীবাণু সুরক্ষিত পরিবেশে।
দেশটি এখনও সংক্রমণ মুক্ত না হওয়ায় এই সময়ে কড়া স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে। খেলা চলার সময়েও করোনা পরীক্ষার বিধান রেখেছে লিগ কর্তৃপক্ষ। সপ্তাহে একবার করে পরীক্ষা করা হবে সবার।
সবার সুরক্ষার কথা ভেবে ১৬টি দলকেই ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। উত্তরাঞ্চলীয় শহর দালিয়ানে থাকবে একটি গ্রুপ। অপর গ্রুপটি থাকবে সাংহাইয়ের কাছে সুঝুতে। আয়োজক শহরে সব খেলোয়াড়, স্টাফ ও অফিসিয়ালরা একটি হোটেলেই অবস্থান করবেন। তবে পরিবারের সঙ্গে দেখা করার নিয়ম থাকছে না। এমনটি তাদের করতে হবে প্রথম দুই মাস!
মূলত গত ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল চাইনিজ সুপার লিগ। কিন্তু তার আগেই হানা দেয় করোনা মহামারি। নতুন করে শুরু হওয়ায় সব ম্যাচই হবে বন্ধ দর্শকহীন স্টেডিয়ামে।







