সাউদাম্পটন টেস্টের একাদশ থেকে তাকে বাদ দেওয়ায় রাগ ও ক্ষোভটা সরাসরি প্রকাশ করেছিলেন স্টুয়ার্ট ব্রড। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী পেসার প্রকারান্তরে বলেও দিয়েছিলেন, আবারও দলে ঢুকে তিনি বুঝিয়ে দেবেন তার গুরুত্ব। সেই গুরুত্ব ইংল্যান্ডের নির্বাচকেরা নতুন করে তো বুঝেছেনই, হাড়ে হাড়ে বুঝতে পারছে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের ২ উইকেটের পাশে আজ আরও ৪ উইকেট নিয়েছেন ব্রড, আর তাতেই দুশো রানের নিচে শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৯৭ রানে, ইংল্যান্ডের লিড ১৭২।
ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে ইংল্যান্ডে একাদশে ফিরে ৬ উইকেট নিয়েছিলেন ব্রড। চলমান তৃতীয় ও শেষ টেস্টে যেন পণ করেছেন পাদপ্রদীপের আলোয় অন্য কাউকে আসতে দেবেন না। প্রথমে ঝোড়ো একটা ইনিংস খেলে ( ৩০ বলে ফিফটি করে ৪৫ বলে ৬২) ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৬৯ রানের স্বস্তিদায়ক জায়গায় নিতে ভূমিকা রেখেছেন ব্যাট হাতে। তারপর জ্বলে উঠলেন বোলিংয়ে। আজ ওয়েস্ট ইন্ডিজের বাকি ৪টি উইকেটই তুলে নিয়ে তাদের মুড়ে দিয়েছেন ১৯৭ রানে। ১৪ ওভার ৩ মেডেন ৩১ রান ৬ উইকেট- এই নিয়ে ১২ বার ইনিংসে ছয় বা তার চেয়ে বেশি উইকেট পেলেন ব্রড। যা তার ১৮তম বারের মতো ইনিংসে পাঁচ বা বেশি উইকেট প্রাপ্তি। আর এতে ৪৯৭ তে গিয়ে দাঁড়ালেন, ইংল্যান্ডের দ্বিতীয় ৫০০ উইকেটধারী বোলার হতে বাকি মাত্র ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসেই মাইলফলকটি তার ছুঁয়ে ফেলার কথা। বেশি অপেক্ষায় থাকতে চাইছেন না ক্রিস ব্রড তনয়। ব্রডের হাসিটা আরও চওড়া (ব্রড) হয়েছে, কারণ এই ৬ উইকেট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের সঙ্গে তাকে যৌথভাবে সবচেয়ে বেশি উইকেটশিকারীর সম্মান দিলো। দুজনেরই উইকেট ৪৯টি করে।
শনিবারই ব্রড-অ্যান্ডারসনের হামলায় পর্যুদস্ত ওয়েস্ট ইন্ডিজ আরও ৩৩ রান তুলে ফলোঅন এড়াতে পারবে বলে মনে করেননি অনেকেই। তবে সেটি তারা আজ এড়িয়েছে অধিনায়ক জেসন হোল্ডারের ব্যাটিংয়ে। দলকে ১৭০ পার করিয়ে দিয়ে আউট হয়েছেন হোল্ডার, অলরাউন্ডার সত্তাটাকে জাগিয়ে তুলে দলের সর্বোচ্চ ৪৬ রান করেছেন তিনি। সঙ্গে শেন ডাওরিচের ৩৭ রান দুশোর কাছে নিয়ে যায় তাদের।
দ্বিতীয় ইনিংস শুরু করে লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ড বিনা উইকেটে তুলেছে ১০ রান।








