করোনায় ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির নাম ইতালি। তাই সিরি আ’য় টানা নবম শিরোপা জয়ের পর করোনায় ক্ষতিগ্রস্তদেরই স্মরণ করলেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই শিরোপাকে ভক্তদের বিশেষ করে যারা করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত, তাদের উৎসর্গ করেছেন পর্তুগিজ যুবরাজ।
এই মৌসুমে শিরোপা জেতাতে সবচেয়ে বড় অবদান ছিল রোনালদোর। সিরি আ’য় এই মৌসুমে করেছেন ৩১টি গোল। এছাড়া সাম্পদোরিয়াকে হারাতেও প্রথম গোলটি এসেছে কাছ থেকে। ১০ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষকে তারা হারিয়েছে ২-০ গোলে। রোনালদো পেনাল্টি মিস না করলে ব্যবধানটা আরও বাড়তে পারতো।
অথচ এসবই ভেস্তে যেতে বসেছিল একটা সময়। করোনার মহামারিতে লিগ মাঠে গড়াবে কিনা, তা নিয়ে সংশয় ছিল। মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে পরিস্থিতির উন্নতি হওয়াতেই লিগ পুনরায় মাঠে ফিরেছে। তবে ভক্তরা মাঠে উপস্থিত থাকতে পারেননি। করোনাকাল হওয়ায় দর্শকশূন্য স্টেডিয়াম রেখেই জায়ান্টদের খেলতে হয়েছে।
তাই সেই দর্শকদেরই শিরোপা উৎসর্গ করেছেন রোনালদো। ইন্সটাগ্রামে উচ্ছ্বসিত এই তারকা শুরুটা করেছেন এভাবে, ‘কাজটি শেষ করা গেলো। আমরাই এখন ইতালির চ্যাম্পিয়ন। টানা দ্বিতীয়বার শিরোপা জিততে পেরে এবং দুর্দান্ত এই ক্লাবটির ইতিহাস তৈরিতে অবদান রাখতে পেরে খুবই আনন্দিত।’
এর পরেই তিনি বলেছেন, ‘এই শিরোপাটি সব জুভেন্টাস ভক্তদের জন্য। বিশেষ করে যারা হুট করে আসা বৈশ্বিক মহামারিতে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত।’ আরও লিখেছেন, ‘এই কাজটা মোটেও সহজ ছিল না। আপনাদের সাহস, মনোভাব ও দৃঢ় সংকল্পের মিলিত শক্তি-ই এই কঠিন চ্যাম্পিয়নশিপে আমাদের প্রয়োজন ছিল। যার জন্য শেষ পর্যন্ত লড়াই করতে পেরেছি। তাই শিরোপাটা আসলে ইতালির সবার। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা।’







