৬টি টেস্ট খেলে ফেললেও পাকিস্তানের রঙিন পোশাকে এখনও খেলার সুযোগ হয়নি ১৭ বছর বয়সী নাসিম শাহর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার সেই আক্ষেপ হয়তো এবার পূরণ হতে যাচ্ছে। ১৭ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই টিনএজ পেসার।
এছাড়া ১৯ বছর বয়সী ব্যাটসম্যান হায়দার আলীও জায়গা পেয়েছেন দলে। অনূর্ধ্ব-১৯ দল, পিএসএল ও প্রথম শ্রেণিতে ভালো করার স্বীকৃতি স্বরূপ ডাক পেয়েছেন। এছাড়া রয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন বাবর আজম। যিনি বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়েও অধিনায়কত্ব করেছেন।
পারিবারিক কারণে শুরুতে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। পরে খেলার আগ্রহ দেখানোয় এই দলে জায়গা হয়েছে তারও। এছাড়া ওয়াহাব রিয়াজ, ফখর জামান ও ১২ আগস্ট ইংল্যান্ডে পা রাখা অলরাউন্ডার শোয়েব মালিকও এই দলে রয়েছেন। তবে করোনা পরীক্ষার পরেই শোয়েব সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন।
ম্যানচেস্টারে তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ২৮ আগস্ট। ৩০ আগস্ট হবে দ্বিতীয় টি-টোয়েন্টি, তার পরেই ১ সেপ্টেম্বর হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।








