বার্সেলোনায় শুরুতেই বিতর্কে, কোম্যান কেমন করবেন?

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২০, ১৭:৫১আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৮:০০

রোনাল্ড কোম্যান, বার্সেলোনার নতুন কোচ শক্ত হাতে বিপর্যস্ত, বিশৃঙ্খল বার্সেলোনার হাল ধরার জন্য গত ১৯ আগস্ট কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রোনাল্ড কোম্যানকে। ৫৭ বছর বয়সী ডাচ ছিলেন বার্সেলোনার ‘ড্রিম টিমে’র একজন, কোচ ইয়োহান ক্রুইফের অধীন খেলেছেন ১৯৮৯ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত। কিন্তু কোচ হওয়ার ১০ দিনের মধ্যেই বার্সেলোনায় অনেক শত্রু বানিয়ে ফেলেছেন, প্রচুর সমালোচনা হচ্ছে তার। বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজকে যেভাবে বিদায়-বার্তা জানিয়েছেন, তাতে তার প্রচণ্ড সমালোচনা করেছেন ম্যানুয়েল পেলেগ্রিনি।

গত সোমবার সুয়ারেজকে ফোন করে কোম্যান বলে দেন যে তার ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই, তাই বার্সেলোনার বাইরে যেন উরুগুইয়ান স্ট্রাইকার খুঁজে নেন নিজের পথ। শুধু সুয়ারেজ নন, আরও তিন খেলোয়াড়কে সরাসরি না করে দিয়েছেন বার্সেলোনার ৫৭ বছর বয়সী নতুন কোচ। যাদের মধ্যে আর্তুরো ভিদাল, ও ইভান রাকিতিচকে তার খুবই অপছন্দ।

সুয়ারেজকে তার জন্য সবচেয়ে মর্মপীড়াদায়ক সিদ্ধান্তটি এভাবে জানানোর পরদিনই মেসি বার্সেলোনাকে ফ্যাক্সবার্তায় জানিয়ে দেন যে তিনি এ মৌসুমেই ক্লাব ছাড়তে চান।  ধারণা করা হচ্ছে, ক্লাবে প্রিয় সুহৃদের  ‘অপমান’ মেসি মানতে পারেননি। বুধবার দুজনকে বার্সেলোনার বিখ্যাত এক রেস্তোরায় ডিনার করতে দেখা গেছে। নিশ্চিতই সেখানে দুই বন্ধু নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

এই মুহূর্তে স্পেনেরই রিয়াল বেতিসের কোচ পেলেগ্রিনি। আগে দায়িত্ব সামলেছেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবের দায়িত্ব। অভিজ্ঞ চিলিয়ান এই কোচ মনে করেন সুয়ারেজকে ফোন করে যেভাবে কথা বলেছেন কোম্যান, তাতে তার প্রতি চরম অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে।

‘আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ঠিক নয়। প্রথমত কোচ হিসেবে আপনার মধ্যে দৃঢ়বিশ্বাস ও সৎসাহসটা থাকতে হবে যাতে করে আপনি খেলোয়াড়ের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন এবং বলতে পারেন যে খেলোয়াড়টিকে আপনি চান কি চান না’-ইএসপিএনকে বলেছেন পেলেগ্রিনি।

৬৬ বছর বয়সী কোচ আরও বলেছেন, ‘আমার খারাপ লেগেছে, কিন্তু এমনটা আমাকে অনেকবার করতে হয়েছে। কিন্তু কাজটা ফোনের মাধ্যমে করা আমার কাছে কোচ ও খেলোয়াড়দের জন্য অসম্মানজনক মনে হয়েছে।’

একেবারে শুরুতেই নতুন কোচের সুনজর হারানোর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো নীরবতা ভেঙেছেন ৩৩ বছর বয়সী সুয়ারেজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন, ‘এমন সব মানুষ আমার নাম করে আমার সম্পর্কে বলছেন যাদের সঙ্গে গত দশ বছরেও কোনও সম্পর্ক ছিল না। সময় যখন আসবে আমি আমার কথা বলবো।’

সাবেক লিভারপুল ও আয়াক্স স্ট্রাইকার সদ্য সমাপ্ত মৌসুমে বার্সেলোনার হয়ে ২১ গোল করেছেন। জানুয়ারিতে তার হাঁটুতে হয় অস্ত্রোপচার। এ জন্য মৌসুমেরই অকাল সমাপ্তি হয়ে গিয়েছিল তার জন্য। কিন্তু  করোনাভাইরাসের জন্য অনাকাঙ্ক্ষিত বিরতি তার জন্য শাপেবর হয়ে আসে। জুনে আবারও শুরু হওয়া মৌসুমের বাকি অংশে খেলতে পেরেছেন। সুয়ারেজের সঙ্গে বার্সেলোনার চুক্তি আছে আর এক মৌসুম। তবে কাতালুনিয়ার ক্লাবটিতে তার সময় যে ফুরিয়ে গেছে, এতে কোনও ভুল নেই। সর্বশেষ  ইতালির জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে তার খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এমএলএসের দল ইন্টার মায়ামি ও তার সাবেক ডাচ ক্লাব আয়াক্সের সঙ্গেও নাম জড়িয়েছে সুয়ারেজের।

আগেরদিন কোম্যান সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন বার্সেলোনার সাবেক সহ-সভাপতি ও পরিচালক গ্যাব্রিয়েল মাসফুরোল। গোটা স্পেনের স্বাস্থ্যসেবায় অতি গুরুত্বপূর্ণ মেসির ঘনিষ্ঠ এই ব্যক্তি দৈনিক মার্কাকে বলেছেন, ‘কোম্যানের যোগ্যতা হলো তিনি ড্রিম টিমে খেলেছেন, বার্সেলোনার প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের জয়সূচক গোলটি করেছেন। কোচ হিসেবে তার বায়োডাটাটা একটু দেখুন, তিনি লুইস ফন গালের খুবই বাজে একটি প্রতিলিপি (রেপ্লিকা) ছাড়া কিছু নন। আন্তরিকভাবে কোনও কিছু বোঝার সামর্থ্য তার শূন্য এবং সেটি তিনি দেখাতেও শুরু করেছেন।’

কদিন আগেই বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড জেরার্দ দেউলোফেউয়ের মুখে শোনা গেছে কোম্যানের সমালোচনা। ইংলিশ ক্লাব এভারটনে ২০১৭ সালে কোচ হিসেবে পেয়েছিলেন কোম্যানকে। সেই অভিজ্ঞতা থেকে ২৬ বছর বয়সী স্প্যানিশ বলেন, ‘তিনি আমাকে এভারটনে ম্যাচ খেলতে দেননি। এভারটনের সভাপতি আমাকে চাইলেও তিনি চাননি, যে কারণে আমাকে চলে যেতে হয় ইতালিতে (মিলান)।’

কোচ হিসেবে কোম্যানের বেশি মূল্যায়নে যেতে চাননি দেউলোফেউ, ‘লকাররুমে তিনি ছিলেন এক চরিত্র। আমরা শুনেছিলাম এবার বার্সেলোনার মতো খেলা দেখা যাবে, কিন্তু তা আর দেখা যায়নি।’  

 

/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী