করোনাকালে এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হলেও এতদিন সেঞ্চুরি খরা ছিল টুর্নামেন্টে। নিকোলাস পুরান ঝড়ে সেই খরা মিটলো অবশেষে। তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির সুবাদে সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে ৭ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
ক্যারিবীয় তারকা পুরানের বিধ্বংসী ইনিংসে ছিল ১০টি ছয় ও ৪টি চারের মার। ৪৫ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি। এর পরেও সিপিএলে তার ইনিংসটি জায়গা করে নিয়েছে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির তালিকায়।
অথচ একই পিচে দিনের প্রথম ম্যাচে রান তোলাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। মাত্র ৯২ রান করেও ৩ রানের জয় পেয়েছে সেন্ট লুসিয়া জুকস। সেখানে টস হেরে ব্যাট করে সেন্ট কিটস করেছিল ৫ উইকেটে ১৫০ রান।
১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে গায়নাও বিপদে পড়ে গিয়েছিল, ২৫ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে চতুর্থ উইকেটে রস টেইলর ও পুরানের ৭১ বলে ১২৮ রানের বিধ্বংসী জুটিই জয়ের বন্দরে পৌঁছে দেয় তাদের। গায়ানা জয় নিশ্চত করে ১৭.৩ ওভারে। পুরানের সঙ্গী টেলর অপরাজিত ছিলেন ২৫ রানে।
টানা ৩ ম্যাচে হেরে যাওয়া গায়ানার জন্য এই জয়টা স্বস্তিরই। এই জয়ের ফলে তিনে উঠে এসেছে তারা।







