সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হরভজন সিং। দেশ থেকে এখনও আরব আমিরাতে গিয়ে দলের সঙ্গে যোগ না দেওয়ায় অভিজ্ঞ এই অফস্পিনার যে এবার আইপিএলে নাও খেলতে পারেন, এমনটা অনুমান করেছিলেন অনেকেই। শুক্রবার হরভজন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘ব্যক্তিগত কারণে আমি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছি।’
সুরেশ রায়নার পর হরভজন সিএসকের দ্বিতীয় ক্রিকেটার যিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৩তম আইপিএল থেকে সরে দাঁড়ালেন। দশ বছর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা ‘ভাজ্জি’ দু’বছর ধরে খেলছেন চেন্নাই সুপার কিংসে।
৪০ বছর বয়সী ভাজ্জি এই মুহূর্তে পাঞ্জাবের জলন্ধরে স্ত্রী গীতা ও চার বছর বয়সী মেয়ে হিনায়ার সঙ্গে সময় কাটাচ্ছেন এবং পারিবারিক জীবনকে গোপন রাখতে চাইছেন। ‘আমি সিএসকে ম্যানেজমেন্টকে এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এই কঠিন সময়ে ব্যক্তিগত কারণে আমি বিরতি নিয়েছি, প্রত্যাশা যে সবাই আমার গোপনীয়তাকে সম্মান জানাবেন। আমি শুধু বলতে পারি জীবনে কখনও কখনও খেলার চেয়ে পরিবার বেশি গুরুত্ব পায়। আমার নতুন সংসারের দিকেই আমি এখন মনোযোগী। কিন্তু, হ্যাঁ, আরব আমিরাতে দলের সঙ্গে থাকবে আমার মনটা’-বলেছেন ভাজ্জি। আইপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হরভজন ১৬০ ম্যাচ খেলে নিয়েছেন ১৫০ উইকেট। ২০১৮ সালে তিনি যোগ দেন চেন্নাই সুপার কিংসে।
করোনা টেস্টে পজিটিভ হওয়া দুই খেলোয়াড়কে বাদ দিয়ে শুক্রবার থেকেই সিএসকে’র অনুশীলন শুরু হওয়ার কথা দুবাইতে। গত সপ্তাহে পেসার দীপক চাহারসহ সিএসকে বহরের ১৩ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হন। আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএল নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এটাই।








