১১ জানুয়ারি বা তার দুই-একদিন পরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বোর্ড থেকে এই প্রস্তাবে সাড়া এলে সিরিজের সূচি চূড়ান্ত করা হবে।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় সাংবাদিকদের এসব তথ্য জানান।
জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট নাকি টি-টোয়েন্টি খেলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিম্বাবুয়ে নিজেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিসিবি একটি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়। কয়েকদিনের মধ্যেই জিম্বাবুয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। এরপর মাসের ১১ তারিখে বা তার দু-একদিন পর খেলা অনুষ্ঠিত হবে।’
যুব বিশ্বকাপের জন্য ভেনুগুলো সব আইসিসির দখলে চলে যাওয়ায় এই সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট ও খুলনা স্টেডিয়ামে। এমনটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান।
এছাড়া আগামী বছর জুলাইতে বাংলাদেশ দল ২টি টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে। তবে ওয়ানডে সিরিজে কতটি ম্যাচ খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। দূর্জয় বলেন, ‘সার্বিকভাবে জিম্বাবুয়ের কাছে ৩টি টেস্ট আমাদের প্রাপ্য। আমরা এই কারণে একটি টেস্ট প্রস্তাব করেছি। বাকি ২টি টেস্ট ওদের ওখানে গিয়ে খেলবো।’
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ তার আগে টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়া দলের জন্য কতটুকু কঠিন হবে। এমন প্রশ্নে তিনি বলেন, ‘ক্রিকেট খেলুড়ে সবগুলো দেশই টেস্ট খেলছে। সবাই টেস্ট খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশেও সেভাবেই যাবে।। তাছাড়া বাংলাদেশ আইসিসিকে বলেছে তারা টেস্ট চায়; এখন যদি টেস্ট না খেলে তাতে করে আইসিসিতেই প্রশ্ন উঠবে। এজন্যই এমন সিদ্ধান্ত।'
/এমআর/








